প্রথমবার ভোট দিয়ে তামিম বললেন ‘এক্সাইটেড’
“জীবনে প্রথম ভোট ভাই,” বলেন তিনি।
প্রথমবারের মত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার বেলা ১১টার পর চট্টগ্রামের আসকার দিঘীর পাড়ে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, “জীবনে প্রথম ভোট ভাই, এক্সাইটেড।”
এ কেন্দ্রের অদূরে কাজীর দেউড়িতে ইকবাল পরিবারের স্থায়ী নিবাস। তামিম ইকবালের সঙ্গে ভোট দিতে আসেন সাবেক ক্রিকেটার তামিমের বড় ভাই নাফিস ইকবাল।
তামিম বলেন, এবারের নির্বাচনে তার পরিবারের সবাই ভোট দিয়েছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন ভোটার ১২১টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এ আসনের ১১ জন প্রার্থী হলেন- বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর (হাতপাখা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম) ও গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল)।
চট্টগ্রাম-৯ আসনে আসনের প্রতি সবার নজর। বন্দর নগরীর কেন্দ্রস্থলের এ আসনটিতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
