১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

সাত দিনে বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত হয়েছেন ৩৫৩ জন; শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে আরও ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

এ নিয়ে সাত দিনে ৩৫৩ জন আপিলকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর বাছাই বৈধ হওয়া দুজনের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে।

শুক্রবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, শুক্রবার ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন না-মঞ্জুর হয়েছে।

কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চারটি আপিল না-মঞ্জুর করেছে। চারটি আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে। 

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৪২ জন। তাদের মধ্যে দুজন আপিলে বাদ পড়েছেন। শনিবার থেকে শুক্রবার–এই সাত দিনে আপিল ৩৫৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পযন্ত বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ১৯৩ জন।

এবার মোট ৬৪৫ জন আপিল করেছেন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তাদের আপিল শুনানি চলবে।

শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে–কতজন প্রার্থী ভোটে থাকবেন।

২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবেন। ভোট হবে ১২ ফেব্রুয়ারি।