১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কমনওয়েলথ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে ভোটে নিরপেক্ষতা নিয়ে নালিশ জাপার একাংশের

“যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের নামেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 04:09 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন দেখতে আসা কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতারা, সেখানে তারা নির্বাচনে ‘নিরপেক্ষতা নেই’ বলে নালিশ দিয়েছেন।

শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে জাতীয় পার্টির এই অংশের নেতারা ‘সংশয়’ প্রকাশ করেছেন।

বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা বলেন, “বৈঠকে কমনওয়েলথ টিমের সদস্যরা নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের কাছে জানতে চান। জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। 

“তিনি বলেছেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা অভিযোগ থাকার কারণেই ২০২৪ সালে ৫ অগাস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। আমাদের তরুণ সমাজ যে ভোটের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে তা আজও উপেক্ষিত।” 

আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি ৪৮টি আসনে মনোনয়ন দিলেও নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল করেছে। 

তফসিল ঘোষণার পর ২০ ডিসেম্বর তার চট্টগ্রামের হাটহাজারীর গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। 

আনিসুল ইসলাম রাজনৈতিক দল সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ ‘নিশ্চিত হয়নি’ তুলে ধরে বলেছেন, নির্বাচনি প্রচারে প্রাণহানিসহ সহিংসতার ঘটনা ঘটছে।

মাসরুর মাওলা বলেন, “চেয়ারম্যান বলেছেন, নির্বাচনের কয়েকদিন বাকি থাকলেও এখনো নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ নয় সিভিল সোসাইটির প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরাও মিডিয়াতে এ সংশয়ের কথা বলছে। নির্বাচন হলেও সে নির্বাচন আদৌ কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়েও সংশয় থেকে যায়।”

আনিসুল ইসলামকে উদ্ধৃত করে তিনি বলেন, “জাতীয় পার্টির অনেক নেতার নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। সে মামলা সরকার প্রত্যাহার করেনি। এছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের নামেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

কমনওয়েলথ প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক করে নির্বাচন প্রক্রিয়া, আইনের শাসন, ও নিরপেক্ষতা নিয়ে মতবিনিময় করছে।

ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১১ সদস্য বৈঠকে ছিলেন।

জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও ছিলেন নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার।