১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'আমাদের কপালে পরিবর্তন নাই': ভোট দিতে এসে কড়াইলবাসী

চার দশক ধরে বস্তিজীবনের অনিশ্চয়তা সঙ্গী করেই আগুনের ভয় থেকে মুক্তি আর শান্তির ক্ষীণ আশা নিয়ে পরিবারসহ ভোট দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:36 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

“আমাদের সুবিধা না থাকলেও ভোট তো আছে, তাই ভোট দিতে আসছি।" 

ভোট দেওয়া শেষে এমন আক্ষেপের কথা বললেন কড়াইল বস্তির বাসিন্দা, ষাটোর্ধ্ব আমিনা বেগম।

চার দশক ধরে বস্তিজীবনের অনিশ্চয়তা সঙ্গী করেই আগুনের ভয় থেকে মুক্তি আর শান্তির ক্ষীণ আশা নিয়ে পরিবারসহ ভোট দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন আমিনা। 

কথায় কথায় আমিনা জানালেন, ৪০ বছর ধরে তারা কড়াইলে থাকেন। এর মধ্যে তিনবার ভোট দিয়েছেন। এবারের ভোটের পরিবেশ ‘ভালো’ বলেই মনে হয়েছে তার।

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আমিনা বলেন, “আমার পরিবারের ১০টা ভোট, সবই দিলাম। যদি এবার শান্তি মিলে।”

আমিনা বেগম চার দশক ধরে কড়াইল বস্তিতে থাকেন, ভোট দিয়েছেন তিনবার

আমিনা বেগম চার দশক ধরে কড়াইল বস্তিতে থাকেন, ভোট দিয়েছেন তিনবার

দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে এই নারী বলেন, “ভোট চাইতে গিয়া সবাই কইছে বিল্ডিং কইরা দিব, একটা কইরা ঘর দিব। আমাদের কিছু না দিক, শুধু যা আছে তা নিয়াই থাকতে দিক, আগুন না দিক। এই আগুনের ভয় থেকে বাঁচতে চাই।”

গণভোট বিষয়ে প্রশ্ন করলে আমিনা বেগমের সরল স্বীকারোক্তি, “বুঝি নাই তো, বলছে এটাতে ভোট দিলে ভালো হইব, আমাগো শান্তি আইব, তাই দিছি।”

মোসাম্মৎ বকুল একসময় কড়াইলে থাকতেন, এখন থাকেন মিরপুরে। ক্রাচে ভর দিয়ে বনানী মডেল স্কুল কেন্দ্রে হাজির হয়েছেন তিনি। 

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোট দিতে পারার আনন্দ ছিল বকুলের চোখেমুখে। তিনি বললেন, “আমি প্রতিবন্ধী, ৩০০ টাকা খরচ করে সিএনজি দিয়ে ভোট দিতে আসছি। এত বছর ভোট দেইনি। এবার দিতে পারব তাই এসেছি। নিজের টাকা খরচ করে আসছি, আবার যাব। দেশের নাগরিক হিসেবে আমার এইটা দায়িত্ব।”

তবে কোনো প্রত্যাশা নেই জানিয়ে তিনি বলেন, "আমাদের কপালের কোনো পরিবর্তন হবে না। আশাও করি না।" 

ক্রাচে ভর দিয়ে বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন মোসাম্মৎ বকুল।

ক্রাচে ভর দিয়ে বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন মোসাম্মৎ বকুল।

ভোট দিতে এসে বিড়ম্বনার শিকার হয়েছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ভোটার। বনানী মডেল স্কুল কেন্দ্রে গিয়ে তারা জানতে পারেন, তাদের জন্য আলাদা কক্ষ বা সারির ব্যবস্থা নেই। 

ঢাকা-১৭ আসনের এক হিজড়া ভোটার বলেন, “আমরা ১৪ থেকে ১৫ জন ভোটার। এখানে এসে জানলাম আমাদের জন্য ভোটের কক্ষ নেই। বলছে এখানে ভোট দিতে পারব না। দেখি খুঁজতেছি, হয়ত অন্য কোথাও পেয়ে যাব।”

১৭ বছর পর ভোট দিতে পেরে আবেগাপ্লুত কড়াইলের বাসিন্দা আকলিমা। মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছিলেন তিনি।

“১৭ বছর ধরে ভোট দিতে পারি নাই, ভোটকেন্দ্রে আসার পর শুনেছি ভোট হয়ে গেছে। এবার সুন্দর, শান্তিতে নিজের ভোটটা নিজে দিতে পারছি। দেখি এবার সরকার গরিবের পাশে থাকে কি না।”

আকলিমা বলেন, “আমরা বেশি কিছু চাই না, শুধু শান্তিমত থাকতে পারি। পানি-গ্যাস সুবিধাটা যেন আমাদের দেওয়া হয়।”

দুই শিশু সন্তানকে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মুন্নী।

দুই শিশু সন্তানকে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মুন্নী।

দুই শিশু সন্তানকে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মুন্নী। পাঁচ মাস ও দুই বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে অপেক্ষার কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, “দুধের বাচ্চা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বাড়িতে কেউ নেই রেখে আসব। কষ্ট হলেও ভোট দিতে আসলাম। কড়াইলে থাকি তো আমরা, যদি এবার উন্নয়ন আমাদের বস্তিতে পৌঁছায় সে আশায়।”

গণভোট নিয়ে মুন্নী বলেন, "‘হ্যাঁ’, ‘না’ ছিল, দেশের উন্নয়নের জন্য এই কাগজ। এটাতেও ভোট দিয়েছি।"

ঢাকার বনানী থানার আওতাধীন এই এলাকায় বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, টি অ্যান্ড টি মহিলা উচ্চবিদ্যালয়, টি অ্যান্ড টি বালক উচ্চবিদ্যালয়, বনানী মডেল স্কুল, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ লাইন দেখা যায়।

টি অ্যান্ড টি বালক উচ্চবিদ্যালয়ে ভোট দিতে এসেছেন রিকশাচালক আবদুল মালেক। তিনি বলেন, “ভোট দেই, কিন্তু আমাদের সমস্যা তো আগের মতই থাকে। এবার যেন কিছু পরিবর্তন হয়।”

১৭ বছর পর ভোট দিতে পেরে আবেগাপ্লুত কড়াইলের বাসিন্দা আকলিমা।

১৭ বছর পর ভোট দিতে পেরে আবেগাপ্লুত কড়াইলের বাসিন্দা আকলিমা।

এ কেন্দ্র দেখতে আসা নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খানের মনে হয়েছে, ‘সুষ্ঠু পরিবেশেই’ ভোট হচ্ছে।

"আমি সকাল থেকে তিন থেকে চারটা কেন্দ্র ঘুরে দেখেছি। ভোটারের উপস্থিতি ভালো। সবাই বেশ উচ্ছ্বাস নিয়ে ভোট দিচ্ছেন। নারী কেন্দ্র যেগুলো সেগুলোতে নারীদের উপস্থিতি আছে। দুপুর ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ১৮%, ২৩%, কোথাও ৩১ % ভোট পড়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু।"

গুলশান, ক্যান্টনমেন্ট, ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭। এর মধ্যে প্রায় ১০০ একর আয়তনের কড়াইল বস্তিতে ভোটার প্রায় ৪৫ হাজার। 

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ঢাকা-১৭ আসনে মোট ১২ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে বিড়ম্বনার শিকার হয়েছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ভোটার।

বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে বিড়ম্বনার শিকার হয়েছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ভোটার।

তারা হলেন ধানের শীষ প্রতীকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লায় জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান, হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ, লাঙ্গলে জাতীয় পার্টির আতিক আহমেদ, বাইসাইকেলে জাতীয় পার্টি (জেপি) তপু রায়হান, কাঁঠালে বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম, ময়ূরে স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন। আনারসে বাংলাদেশ লেবার পার্টির মোহাম্মদ রাশেদুল হক, মোরগে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ, ডাবে বাংলাদেশ কংগ্রেসের শামীম আহমেদ, টেলিভিশনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ ও আপেলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মঞ্জুর হুমায়ুন। 

তাদের মধ্যে শেষ চারজন বুধবার রাতে তারেক রহমানকে সমর্থন দিয়ে মাঠ ছাড়ার ঘোষণা দেন।