চুয়াডাঙ্গায় ১০ মিনিট আগে মাইকিং করায় বিএনপি প্রার্থীর কর্মীকে জরিমানা
“নির্বাচনি আচরণ বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো যাবে।”
নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে মাইকিং করায় চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থীর কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের সময় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড়ে এ অর্থদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম।
দণ্ডপ্রাপ্ত হাসান আলী (২৩) মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের পক্ষে মাইকিং করছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম বলেন, “নির্বাচনি আচরণ বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো যাবে। কিন্তু ধানের শীষের প্রচারকারী হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাইকিং শুরু করেন। এ অপরাধে ওই তাকে ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ এর ১৭ এর ২ ধারা ভঙ্গের দায়ে তাকে সতর্কতামূলক এই অর্থদণ্ড করা হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
