Published : 13 Feb 2026, 12:04 PM
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জয়ী হওয়ার পর সমর্থকদের সঙ্গে মাঠে শুকরানা নামাজ আদায় করে হাতিয়াবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল হান্নান মাসউদ।
তিনি বলেন, “সারা হাতিয়ার মানুষ রাস্তায় নেমে এসেছে। এটা হাতিয়ার মানুষের মুক্তির লড়াই ছিল। হাতিয়ার মানুষের মুক্তির লড়াই সফল হয়েছে। হাতিয়ার মানুষ ইনশাল্লাহ মুক্তি পেতে যাচ্ছে। হাতিয়ার জন্য সুদিন আসবে ইনশাল্লাহ।”
মাসউদ এ আসনে শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।
রাতে সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ১০৪টি কেন্দ্রের লেখিত ফলাফল হাতে পেয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আব্দুল হান্নান মাসউদ।
সবাইকে নিয়ে নতুন হাতিয়া বিনির্মাণে কাজ করার ঘোষণা দিয়ে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য হাতিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা এ সমন্বয়ক।
বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সুন্দর ভোট উপহার দেওয়ার জন্য তিনি প্রশাসন, আইনশৃংখলা বাহিনী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।
হান্নান মাসউদ বলেন, “আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। পুরো হাতিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তারা এমন ভীতিকর পরিস্থিতিতেও কেন্দ্রে গিয়েছে। স্পেশালি নৌবাহিনী, কোস্টগার্ড এবং আমাদের সহকারী রিটার্নিং অফিসারসহ, রিটার্নিং অফিসার, পুলিশ, আসনারসহ যারা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
“সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, মোটামুটি গ্রহণযোগ্য সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্যে। আরও সুন্দর নির্বাচন আশা করছিলাম, তবে যতটুকু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ।”
তিনি বলেন, আমার এখন কারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেটা বড় ব্যাপার না, আমি এখন পুরো হাতিয়ার-হাতিয়ার প্রতিনিধি। আমি হাতিয়ার দলমত নির্বিশেষে সব মানুষের হয়ে কাজ করবো ইনশাল্লাহ।”
“আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদেরকেও সঙ্গে নিয়ে নতুন হাতিয়া বিনির্মাণে কাজ করব। পাশাপাশি গত কয়েকদিনে যে বাড়িঘরে হামলা হয়েছে তার সুষ্ঠ তদন্তের জন্য প্রশাসনকে বলব, যাতে যারা সন্ত্রাস বা আতঙ্ক তৈরি করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।”
পরে হাতিয়া উপজেলা পরিষদের সামনে খোলা মাঠে নেতাকর্মীদের নিয়ে শুকরানা নামাজ আদায় করেন হাতিয়া থেকে হান্নান মাসউদ।