মামুনুলের সম্মানে তার ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের জোটে থাকার কথা থাকলেও বের হয়ে আসে ইসলামী আন্দোলন। তবে মামুনুলের দল ওই জোটে রয়ে গেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ‘সম্মানে’ তার দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটে থাকা খেলাফত মজলিসের প্রধান মামুনুল ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী হয়েছেন।
সোমবার ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এক বিবৃতিতে তার দলের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামীর নেতা মামুনুলের ‘ইসলামী রাজনীতিতে’ ত্যাগ ও অবদানের প্রতি ‘সন্মান জানিয়ে’ এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে।
এতে বলা হয়, “মামুনুল হকের প্রতি সন্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না। এই দুই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করা হবে।”
দুই আসনেই তাদের দলীয় সমর্থন মামুনুল হকের প্রতি থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।
জোট হয়ে নির্বাচনের বিষয়ে বিবৃতিতে আতাউর বলেন, “ইসলামী আন্দোলন অন্যকোনো দলের সাথে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না।”
যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নাই সেসব আসনে ‘নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে’ তার দলের পক্ষে সমর্থন জানাবে বলেও জানান এই নেতা।
এর আগে রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার কথা বলে জামায়াতে ইসলামী।
ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।
আসন ভাগাভাগিতে ‘বনিবনা না হওয়ায়’ জামায়াতের জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের নায়েবে আমিরকে আসন ছাড়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ‘আমলে না নেওয়ার’ কথা জানানো হয়েছিল দলের তরফে।
এর পরদিন মামুনুলের ‘সম্মানে দুই আসনে ছাড় দিল’ ইসলামী আন্দোলন।
