১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা

এবারের নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬ আসনে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বিএনপি প্রধান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রোবববার জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএম কাদের শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন যে তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

“তিনি বিশ্বাস করেন যে, তারেক রহমান অচিরেই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করে জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।”

তারেক রহমান ও তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন জিএম কাদের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফিরছে। 

অন্যদিকে ১৯৬টি আসনে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি জাতীয় পার্টি (জাপা)।