১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাউজানে ভোট করতে বিএনপির 'সবুজ সংকেত' পাওয়ার দাবি গিয়াস কাদের চৌধুরীর

চট্টগ্রাম -৬ আসনে বিএনপি দুজনকে মনোনয়ন দিয়েছিল, দুইজনের প্রার্থিতাই বৈধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

চট্টগ্রামের রাউজান আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে দলের 'সবুজ সংকেত' পাওয়ার কথা বলেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

শুক্রবার বিকালে নগরীর গুডস হিলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, "আঁরে সবুজ সংকেত দিইয়ে।"

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ (রাউজান) আসনে লড়তে বিএনপি ভাইস চেয়ারম্যান স্থগিত থাকা গিয়াস উদ্দিন কাদের ছাড়াও দলটির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে মনোনয়ন দিয়েছিল। 

বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্রই বৈধ হয়েছে। ফলে এখন দলকে সিদ্ধান্ত দিতে হবে, কে হবেন চূড়ান্ত প্রার্থী। 

গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল মনোনীত প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক আসনে এক দলের একাধিক প্রার্থী থাকতে পারে, বাছাইয়ে বৈধ হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই একজনকে চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট দলকে।

বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও গিয়াস কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "একেবারে হাইয়েস্ট লেভেল থেকে বলেছেন, ‘আপনি এগিয়ে যান’।" 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কাউকে সর্মথন দিব কি দিব না, সেটা পার্টির হাই কমান্ড ডিসাইড করছে। এখন আমি রিমোট কন্ট্রোলে চলতেছি। দল যেটা ডিসাইড করবে, ওটার সঙ্গে যাব, খুবই সহজ হিসাব।”

শুরুর বক্তব্যে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা। তারা এসব টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এ টাকার অপব্যবহার হচ্ছে। 

‘‘মাত্র ৪৮ ঘণ্টা আগে জাতীতাবাদী যুবদলের একজন কর্মী-নেতা নিহত হয়েছেন। তিনি ক্যান্সারের রোগী। তাকে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টাকা তুলে ভারতে পাঠিয়েছিলাম। ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এমন অনেক ঘটনা ঘটে গেছে রাউজানে। আমি শুধু ফ্যাসিবাদের সন্ত্রাসীদের দায়ী করব না। প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা ফ্যাসিবাদের অনুসারীরা আছে।‘‘ 

তিনি বলেন, ‘‘গত ১৬-১৭ মাসে মোটামুটি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এ চট্টগ্রামের বুকে, মহানগরী হোক, বা জেলায় হোক, কারা কারা ফ্যাসিবাদের অনুসারী, আমি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নাম দিয়ে দিতে পারব। আপনারা যারা আছেন, আপনারা রাউজান সম্পর্কে অতীতে কিছু লিখতে পেরেছিলেন? পারেননি। এখন তো অবাধে লিখতে পারেন।‘‘ 

চট্টগ্রামের রাউজান উপজেলায় ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে বেশকিছু হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের বেশির ভাগই রাজনৈতিক। 

এত হত্যাকাণ্ডের পরেও রাউজানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘হান্ড্রেড পারসেন্ট সুষ্ঠু হবে; তবে ফ্যাসিবাদের দোসররা যদি ছত্রছায়ায় না থাকে।”

পুরনো খবর

রাউজানে গিয়াসের সঙ্গে গোলাম আকবরও পেলেন বিএনপির মনোনয়ন