Published : 03 Feb 2026, 01:09 PM
দেশে নির্বাচনকেন্দ্রিক সংহিসতার ঘটনা কিছু ঘটলেও সেটি ‘বাড়ছে না’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার আাগরগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া তথ্যের উদ্ধৃত করে একজন সাংবাদিক প্রশ্নে করেন, তফসিল ঘোষণার পর থেকে ১৫ জনের প্রাণহানির ঘটনায় নির্বাচনকে তিনি চ্যালেঞ্জিং মনে করছেন কী না।
এ প্রশ্নের উত্তরে অন্যান্য যে কোনো বারের তুলনায় সবাই নির্বাচনমুখী এবং বর্তমান পরিস্থিতি ‘অনেক ভালো’ মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "টিআইবিকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এর আগে নির্বাচনে কোন বছর কতজন করে গেছে এর একটা যদি হিসাব দিতে পারে, টিআইবি রিপোর্ট দিয়েছে, আমি তো না করব না। সংঘাত হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে। আইনশৃঙ্খলা অনেক সময় কন্ট্রোল করার সমস্যা। মারামারি হচ্ছে দুচারটা যে হচ্ছে না তা না।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘সহিংসতা হচ্ছে কিন্তু বাড়ছে না’।

তফসিল ঘোষণার পর থেকে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা নির্বাচনকে চ্যালেঞ্জে ‘ফেলবে না’ বলেও ভাষ্য স্বরাষ্ট্র উপদেষ্টার।
সমানে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে মাঠে নেমেছে, সব কিছু ‘নিয়ন্ত্রণে আছে’।
তিনি জনগণকে ধৈর্য ধরতে এবং সচেতন হওয়ারও আহ্বান জানিয়ে বলেন, "এক ভাই আরেক ভাইকে নিয়ে একটু কথা বললে সহ্য করতে পারে না। সবার একটু ধৈর্য বাড়াতে হবে।"
অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম নিয়ে জানতে চাওয়া হলে জাহাঙ্গীর আলম বলেন, "প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। হাদি, মুসাব্বির হত্যায় ব্যবহত অস্ত্রও উদ্ধার হয়েছে।”
সুন্দরবন ‘জলদস্যুর নিয়ন্ত্রণে’ কি না প্রশ্নের জবাবে তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, "জলদস্যুদের হাতে চলে গেলে এত টুরিস্ট যেতে পারতো না। সুন্দরবন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।"