Published : 30 Jan 2026, 12:04 AM
নাটোর-৩ আসনের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনি প্রচার মিছিলে হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মাবিয়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি এ এস এম আব্দুন নূর।
বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ারুল হক আনুর সমর্থকদের এই হামলার জন্য দায়ী করেছে। তবে পাল্টা নির্বাচনি অফিস ‘ভাঙচুরের’ অভিযোগ করেছে বিএনপি প্রার্থীর সমর্থকরা।
আহতরা হলেন সিংড়ার বিয়াস মাবিয়ার মোড় এলাকার আমিন, সালাম ও রোজিনা। তাদের মধ্যে আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।
স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ ফুটবল প্রতীকে ভোট করছেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমরা প্রচারণা চালাচ্ছিলাম, ছেলেপেলে মিছিল করছে। ওরা মিছিল করতে দেবে না। আমি গিয়ে কথা বলতে বলতেই, ওরা বাটাম লিয়ে অ্যাসে ম্যারলো।”
তিনি অভিযোগে করেন, ধানের শীষের প্রার্থী আনুর সমর্থক সৈয়দ, তৈয়ব, সবুজ ও হামদুলের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে তাদের কর্মী-সমর্থকরা তার সমর্থকদের ওপরে হামলা করেছে।
এ ব্যাপারে জানতে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হক আনুকে ফোন করলে তার নাতি পরিচয় দিয়ে সিরাজুল ইসলাম নামে একজন বলেন, “দাউদার মাহমুদের লোকজন আমাদের নির্বাচনি প্রচার অফিসে এসে ব্যানার পোস্টার ছিঁড়ে, টেবিল-চেয়ার ভাঙচুর করে। এরপর বিএনপি সমর্থিত লোকজন এক হয়ে তাদের প্রতিহত করে। এটাকে ওরা বলছে, হামলা করছে।”
সিংড়া থানার ওসি আব্দুন নূর বলেন, “তিনজন আহতের খবর আমরা জেনেছি। একজনের কাঁধে একটু আঘাত লাগছে, কিন্তু গুরুতর মনে হচ্ছে না। এক্সরে করলে হয়তো ফ্রাকচার আছে কি না বোঝা যাবে। তাকে শহীদ জিয়াতে (জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল) পাঠানো হয়েছে।”
ওসি বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।