Published : 26 May 2013, 06:14 AM
রোববার সকালে বড়বাড়ি এলাকায় পার্কসিন ও পার্কস্টার গার্মেন্টসের শ্রমিকরা প্রথমে বিক্ষোভ শুরু করে। পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেয়।
এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পাঁচ পুলিশ ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।
পরে পুলিশ লাঠিপটো ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানয়ীভাবে চিকিৎসা দেয়া হযেছে।
এরপর সকাল ১০টার দিকে পার্কসিন ও পার্কস্টারসহ আশপাশের বেশ কয়েকটি গার্মেন্টসে একদিনের ছুটি ঘোষণা করা হয়।
অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে ডডি এক্সপোর্ট ওয়্যার লি., লি নবটেক প্রা. লি., বেস্ট শার্ট লি., রাবাব ফ্যাশন লি. ও ইউনি গিয়ার্স লি.।
গাজীপুর শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পার্কসিন ও পার্কস্টার কারখানার শ্রমিকরা পাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের হয়ে আসতে বলে।
এ সময় ইউনি গিয়ার্সের শ্রমিকরা তাদের কারখানা আক্রান্ত হয়েছে মনে করে বাইরের বিক্ষোভরত শ্রমিকদের প্রতি ইটপাটকেল ছোঁড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধেরও চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।
এ সময় তাদের ইটপাটকেলে পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।
পার্কসিন কারখানার স্যুইং অপারেটর রোজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নির্ধারণ, হাজিরা বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস নির্ধারণ, বার্ষিক ছুটির টাকা তিন বছর পরপর না দিয়ে প্রতিবছর দেয়া।