Published : 26 May 2013, 02:55 AM

এদিকে রোববার ভোরে জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য আব্দুল করিম খান এবং বিএনপির ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে শহরের চারারগোপ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শহর বিএনপি ও নগর যুবদলের নেতাকর্মীরা।
এক পর্যায়ে তারা পুলিশের একটি পিকআপভ্যান ভাংচুর করে। এর পরপরই পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।
পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সংঘর্ষের সময় মহানগর যুবদলের কর্মী আল আমিন, আফতাব, শহীদসহ ১০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, “হরতালকারীরা পুলিশের পিকআপভ্যান ভাংচুর করে। তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।”
এদিকে সকাল সাড়ে ৬টার দিকে শহরের খানপুর এলাকায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় তারা বিআরটিসির একটি বাস ও একটি অটো রিকশা ভাংচুর করে।
পরে পুলিশ সেখানে গেলে হরতালকারীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে ভোরে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য আব্দুল করিম খান এবং বিএনপির ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লা থানার ওসি আক্তার হোসেন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল করিম খানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে মামলাও রয়েছে।