Published : 23 May 2013, 07:22 AM

শিল্প পুলিশের উপ-সহকারি পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জামগড়া এলাকায় কিছু শ্রমিক জড়ো হয়ে প্রথমে এনভয় গ্রুপের কারখানায় ইট নিক্ষেপ করে শ্রমিকদের কারখানা থেকে বের করে নিয়ে আসে।
পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে।
জামগড়া ও বেরন এলাকার বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা করলে আতঙ্কে একদিনের ছুটি ঘোষণা করে পরে ২০/২৫ টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা ওই সড়কের পাশে ডিজাইনার জিন্স, ওশান অ্যান্ড ডিজাইন, সেতারা গ্রুপ, এনভয় গ্রুপ, দি রোজ ড্রেসেস, স্টার লিংক অ্যাপারেলস লিমিটেড, উইন্ডি গ্রুপ, গ্রীন লাইন ফ্যাশনস লিমিটেড, নেক্সট কালেকশনসহ আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা চালায়।
পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
লাঠিপেটায় কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে বলেও তারা জানান।
তবে শিল্প পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার কথা অস্বীকার করেছে।
এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও আব্দুস সাত্তার জানান।