২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

৩৫ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক

দেশের ৩৫ শতাংশ সরকারি সেবা অনলাইনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 11:47 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

বুধবার আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ সংক্রান্ত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশের মূল অনুষঙ্গই হচ্ছে ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় জোর দেয়ার ফলে আজ আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ই-ফাইলিং নিয়ে যেতে পেরেছি এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ই-গভর্নেন্স বাস্তবায়নে কাজ করছে।

“এর ফলে সরকারি সেবা প্রাপ্তিতে জনগণের সময় ও অর্থ অপচয় রোধ হচ্ছে এবং হয়রানি কমেছে। বেড়েছে সেবার মান। সরকারি কর্মকর্তারাই ডিজিটাল বাংলাদেশ স্লোগানকে ধারণ করেছে বলে আজ ৩৫ শতাংশ সেবা আমরা অনলাইনে নিয়ে আসতে পেরেছি।”

“প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়) ২০২১ সালের মধ্যে সরকারি সেবার ৯০ শতাংশ অনলাইনে নিয়ে আসার যে নির্দেশনা দিয়েছেন, তা সর্বোত্তম শুদ্ধাচার চর্চার মাধ্যমে আপনারাই বাস্তবায়িত করবেন,” বলেন প্রতিমন্ত্রী।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, দেশের মানুষকে দেশের স্বার্থেই সব আইন-কানুন সম্পর্কে অবহিত করতে হবে। তাদের সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত করা এবং সরকারি সেবা প্রদান ও প্রাপ্তি সহজলভ্য করার জন্য নিরলসভাবে কাজ করলেই শুদ্ধাচার প্রতিষ্ঠা করা সহজতর হবে।

“এজন্য তথ্যপ্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির প্রয়োজনীয় ব্যবহার শুদ্ধাচার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে সেমনিারে অন্যদের মধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।