মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যু
মেডিকেল অফিসার হিসেবে ডা. সিতি হাসমাহর কর্মজীবনের বড় অংশজুড়েই ছিল জনস্বাস্থ্য এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। মৃত্যুকালে হাসমার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার দেশটির জাতীয় বার্তা সংস্থা বারনামাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে মোখজানি মাহাথির।
১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গোরের ক্লাংয়ে জন্ম নেওয়া সিতি হাসমাহ ছিলেন প্রাক-স্বাধীন মালয়েশিয়ার অন্যতম প্রথম মালয় নারী চিকিৎসক।
সিঙ্গাপুরের কিংস এডওয়ার্ড সেভেনথ কলেজ অব মেডিসিন থেকে ১৯৫৫ সালে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নেওয়ার পর তিনি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন।
কেদাহসহ দেশের বিভিন্ন এলাকায় মেডিকেল অফিসার হিসেবে তার কর্মজীবনের বড় অংশজুড়েই ছিল জনস্বাস্থ্য এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। এই দম্পতির সাত সন্তানের মধ্যে রয়েছেন সামাজিক কর্মী ও লেখক মেরিনা মাহাথির এবং কেদাহ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দাতুক সেরি মুখরিজ মাহাথির।
ড. মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার চতুর্থ এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী হিসেবে সিতি হাসমাহ স্বাস্থ্য, নারী কল্যাণ ও নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং পারিবারিক কল্যাণ, নারীর উন্নয়ন ও মাদক প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অবদান রাখেন।
মাহাথির রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও তিনি স্বামীর পাশাপাশি একজন অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ হয়েই ছিলেন।
২০২৬ সালের অগাস্টে এই দম্পতিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিবাহিত দম্পতি এবং ইতিহাসের রেকর্ডভুক্ত সবচেয়ে প্রবীণ বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
