১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২ 

আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিস্তিয়ান নেতসাই।

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২ 

মাদাগাস্কারের এই জাতীয় স্টেডিয়ামে প্রবেশের জন্য হুড়োহুড়ি করতে গিয়ে পদদলনের ঘটনাটি ঘটে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 03:36 PM

Updated : 26 Aug 2023, 03:36 PM

ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের জন্য হুড়োহুড়ি করতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রী শুক্রবার জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে স্টেডিয়ামটির অ্যাথলেটিক্স ট্র্যাকের পাশে রেডক্রসের কর্মীদের বহু আহতকে শুশ্রূষা করতে দেখা গেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিস্তিয়ান নেতসাই জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সঙ্কটজনক।    

ভিড়ের মধ্যে কীভাবে পদদলনের ঘটনা শুরু হয়েছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কিন্তু ২০১৯ সালেও এই মহামাসিনা স্টেডিয়ামে পদদলনের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল।

প্রেসিডেন্ট আন্দ্রে রায়োলিনা স্টেডিয়ামে উপস্থিত লোকজনকে বলেছেন, “একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। প্রবেশ পথে ভিড়ের মধ্যে পদদলনের ঘটনা ঘটেছে। বহু মানুষ আহত হয়েছেন।

“আমরা কয়েক সেকেন্ড নীরবতা পালন করবো, কারণ স্বদেশবাসীরা (স্টেডিয়ামে) প্রবেশ করতে গিয়ে মারা গেছেন।”  

নীরবতা পালনের পর লেজার শো ও আতশবাজির মাধ্যমে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ১৯৭৭ সালে ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমসের প্রবর্তন করে। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মরিশাস, সেশেলস, কমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন ও মালদ্বীপ এতে অংশ নিয়ে থাকে।