২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মিশর-তুরস্ক কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন

দুই দেশের মানুষের স্বার্থে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রয়টার্স

Published : 05 Jul 2023, 09:03 PM

Updated : 05 Jul 2023, 09:03 PM

দীর্ঘ প্রায় এক দশক পর নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চলেছে মিশর ও তুরস্ক। এরইমধ্যে দুই দেশে নিজেদের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশরের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত আসার ঘোষণা দেওয়া হয়। বলা হয়, দুই দেশের মানুষের স্বার্থে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি এ বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন এবং সেটির অধিনেই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে। উন্নতির এই ধারা অব্যাহত থাকবে বলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

গণ আন্দোলনের মুখে ২০১৩ সালে মিশরের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন।

তুরস্ক সে সময় মুরসি ও তার দল মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করেছিল। পরে মিশর তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

তার এক বছর পর আল-সিসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তারপর থেকে তিনি ওই পদে আছেন।

২০২১ সাল থেকে তুরস্ক-মিশর অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপের সময় আল-সিসি ও এরদোয়ান হাত মেলান। এবার পুরোদস্তুর কূটনৈতিক সম্পর্কও চালু হলো।

তুরস্ক তাদের কায়রোর রাষ্ট্রদূত হিসেবে সালিহ মুৎলু সেন এবং মিশর আমর এলহামামিকে আঙ্কারার জন্য নিজেদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে।