০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় চীনা কর্মীদের ওপর বন্দুকধারীদের হামলা, ৮ নিরাপত্তা কর্মকর্তা নিহত

সন্দেহভাজন সশস্ত্র অপহরণকারীরা আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে ও স্থানীয় বিইউএ সিমেন্টে কর্মরত প্রবাসী চীনা কর্মীদের ওপর হামলা চালায়।

নাইজেরিয়ায় চীনা কর্মীদের ওপর বন্দুকধারীদের হামলা, ৮ নিরাপত্তা কর্মকর্তা নিহত
স্থানীয় বিইউএ সিমেন্টে কর্মরত প্রবাসী চীনা কর্মীদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সিএনএন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যে বন্দুকধারীদের হামলায় আট নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে কয়েকজন প্রবাসী চীনা কর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়। 

শনিবার আধাসামরিক বাহিনী নাইজেরিয়া সিকিউরিটি এন্ড সিভিল ডিফেন্স কোর (এনএসসিডিসি) এর এক মুখপাত্র এসব কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার। এদিন সন্দেহভাজন সশস্ত্র অপহরণকারীরা এনএসসিডিসির একটি গাড়িবহরে ও স্থানীয় বিইউএ সিমেন্টে কর্মরত প্রবাসী চীনা কর্মীদের ওপর হামলা চালায়।

এনএসসিডিসির মুখপাত্র আফোলাবি বাবাওয়ালে জানান, অপহৃত চার চীনা কর্মীকে উদ্ধার করা হয়েছে কিন্তু অপর একজন নিখোঁজ রয়েছেন। হামলায় এনএসসিডিসির আট সদস্য নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। 

নাইজেরিয়ায় সম্প্রতি বন্দুকধারীদের হামলা অনেক বেড়ে গেছে। তবে এসব ঘটনার অধিকাংশই ঘটছে দেশটির উত্তরাঞ্চলে। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলে মুক্তিপণের জন্য বেসামরিকদের অপরহণকারী অপরাধী চক্রগুলোরও পরিচিতি রয়েছে।