Published : 23 May 2026, 11:39 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, কারণ সরকারি কাজের জন্য তাকে ওয়াশিংটন ডিসিতেই থাকতে হবে।
ট্রাম্প জুনিয়র ফ্লোরিডার পাম বিচ শহরের অত্যন্ত ধনী, প্রভাবশালী সম্প্রদায়ের নারী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করছেন।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, এই সপ্তাহান্তে ফ্লোরিডার নিকটবর্তী আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ বাহামাসের একটি ছোট দ্বীপে তাদের বিয়ের অনুষ্ঠানটি হবে।
শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যখন আমি আমার ছেলে ডন জুনিয়র ও ট্রাম্প পরিবারের নবীনতম সদস্য, তার হবু স্ত্রী বেটিনার সঙ্গে খুব করে থাকতে চেয়েছিলাম, সরকারের সঙ্গে সম্পর্কিত পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের জন্য আমার ভালোবাসা, আমাকে তা করতে দেবে না। আমি অনুভব করছি, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা হোয়াইট হাউজে, ওয়াশিংটন ডিসিতে থাকাটা জরুরি।”
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প জুনিয়র ও বেটিনা যুগল আইনত ইতোমধ্যেই বিবাহিত। পাম বিচেই তারা বিয়ের আইনি দিকটা সেরে নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ট্রাম্প জুনিয়র চাইছিলেন তার বাবা বিয়েতে উপস্থিত থাকুক, কিন্তু এটি একটি ‘ছোট ব্যক্তিগত ব্যাপার’ হতে যাচ্ছে।
ট্রাম্প তখন জানিয়েছিলেন, তিনি বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু সময়টা তার অনুকূল না।
“ইরান নামের একটি বিষয় ও অন্যান্য বিষয় নিয়ে আছি আমি,” বলেছিলেন তিনি।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে ইরানের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। এখন একটি চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে কূটনীতিক আলোচনায় ব্যস্ত আছে ট্রাম্প প্রশাসন।
আর ট্রাম্প জুনিয়রের এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি ভেনেসা নামের এক সাবেক মডেল ও অভিনেত্রীকে বিয়ে করেছিলেন, তাদের এই সংসার এক যুগ টিকেছিল। তারা পাঁচ সন্তানের জনক-জননী। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কিম্বার্লি গিলফয়েলকে বিয়ে করেছিলেন ট্রাম্প জুনিয়ার। ২০২৪ সালে তারা আলাদা হয়ে যান।