Published : 19 Jan 2026, 04:58 PM
সিরিয়ার সরকার ও দেশটির প্রধান কুর্দি বাহিনী কয়েকদিন ধরে চলা সংঘর্ষ থামাতে ব্যাপকভিত্তিক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির আলোকে কুর্দিদের বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বের অধীনে যাবে।
রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কয়েকদিন ধরে চলা লড়াই বন্ধ হয়েছে। এই লড়াইয়ে সরকারি বাহিনী প্রধান তেলক্ষেত্রসহ কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
মার্কিন দূত টম ব্যারাক এই চুক্তিকে ‘গুরুত্বপূণ বাঁক বদল’ বলে মন্তব্য করে এর প্রশংসা করেছেন। তবে ব্যাপক একত্রীকরণ চুক্তির বিস্তারিত চূড়ান্ত করতে এখনো অনেক বাধা পার হওয়ার আছে বলে উল্লেখ করেছেন তিনি।
এই চুক্তির শর্তগুলো কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর জন্য এক বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এসডিএফ এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আধা-স্বায়ত্তশাসিত একটি অঞ্চল পরিচালনা করে আসছিল।
এসডিএফের প্রধান মাজলুম আবদি পরে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে তারা দুই আরব প্রধান প্রদেশ দিয়ের আজ জোর ও রাক্কা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেবেন। দিয়ের আজ জোর সিরিয়ার প্রধান তেল ও গম উৎপাদনের অঞ্চল আর রাক্কা ইউফ্রেতিস নদী বরাবর প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রের উৎস।
২০২৪ সালের শেষ দিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার ইসলামপন্থিদের নেতৃত্বাধীন বিদ্রোহীরা। তারপর থেকে ইসলামপন্থিদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে একত্রীকরণ প্রতিরোধ করে আসছিল এসডিএফ।
সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর ১৪ দফা চুক্তিটি প্রকাশ করেছে। তাতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও আবদির স্বাক্ষর দেখা গেছে। তারা পৃথকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেছেন বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
কুর্দি গণমাধ্যম জানিয়েছে, আবদি সোমবার রাজধানী দামেস্ক গিয়ে প্রেসিডেন্ট শারার সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন আর সেখান থেকে ফেরার পর চুক্তিটির বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
এসডিএফ প্রধান আবদি জানিয়েছেন, সিরিয়ার উত্তরপূর্বের কুর্দি অঞ্চলের ‘অর্জন’ রক্ষা করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
কুর্দি গণমাধ্যমে প্রকাশিত উদ্ধতিতে তিনি বলেছেন, “এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটি প্রতিরোধ করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এটি অনেক বাহিনীর দ্বারা পরিকল্পিত হওয়ায় যুদ্ধটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”