১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ট্রাম্প দুই দিনের এক সফরে যুক্তরাজ্য যাবেন। তখন তিনি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পারমাণবিক শক্তি চুক্তির ঘোষণা দেবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 01:26 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ব্রিটিশ সরকার জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি জোরদার করতে এক সঙ্গে কাজ করার জন্য চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফরকালে একটি চুক্তি স্বাক্ষর করবে।  

রয়টার্স জানিয়েছে, সম্প্রতি পারমাণবিক শক্তি বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে নতুন প্ল্যান্ট তৈরিতে ১৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তারা। এই প্রকল্পে দেশটির প্রথম ছোট মডুলার চুল্লি (এসএমআর) তৈরি হবে।  

ট্রাম্প দুই দিনের এক সফরে মঙ্গলবার যুক্তরাজ্য যাবেন। সফরকালে তিনি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পারমাণবিক শক্তি চুক্তির ঘোষণা দেবেন। 

এই সহযোগিতার লক্ষ্য হল নতুন প্রকল্প ও বিনিয়োগ তরান্বিত করা। এগুলোর মধ্যে ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে ১২টি অত্যাধুনিক মডুলার চুল্লি নির্মাণ অন্যতম। মার্কিন পারমাণবিক চুল্লি কোম্পানি এক্স-অ্যানর্জি ও ও ব্রিটেনের জ্বালানি কোম্পানি সেন্ট্রিকা এসব চুল্লি নির্মাণের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। 

মধ্য ইংল্যান্ডের সাবেক কয়লাচালিত কোটট্যাম বিদ্যুৎ স্টেশনে এসএমআরের শক্তিচালিত অত্যাধুনিক ডেটা সেন্টার তৈরিতে ১৫০০ কোটি ডলারের একটি প্রকল্প গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের হোলটেক ইন্টারন্যাশনাল, ফ্রান্সের ইডিএফ এবং যুক্তরাজ্য-ভিত্তিক লজিস্টিকস রিয়েল এস্টেট বিনিয়োগকারী অংশীদার ট্রাইট্যাক্স এ প্রকল্পের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।    

সোমবার স্টারমার বলেছেন, “এই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলি আমাদের পারমাণবিক স্বর্ণযুগের দিকে এগিয়ে নিয়ে যাবে যা দীর্ঘমেয়াদে পরিবারগুলোর খরচ কমিয়ে আনবে।” 

জুলাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন স্কটল্যান্ডে নিজের গল্ফ রিজোর্টে গিয়েছিলেন সেখানে স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাতে তারা এসএমআর নিয়ে একেসঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছিলেন।