১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭

গবাদিপশুর জন্য পশুখাদ্য সংগ্রহ করতে বনে যাওয়া স্থানীয়রা প্রথম নিখোঁজ হওয়া হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান।

ভারতের কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭
কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার সময় এক বনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: পুনে পালস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 12:49 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। 

রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সাত আরোহী নিয়ে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার সময় এক বনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটিতে পাইলট ও ছয় তীর্থযাত্রী ছিলেন। তীর্থযাত্রীদের মধ্যে একজন শিশু ছিল। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উড্ডয়নের ১০ মিনিট পরে হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়। 

উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, নিহত তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন। 

কারিগরি সমস্যা ও আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

গবাদিপশুর জন্য পশুখাদ্য সংগ্রহ করতে বনে যাওয়া স্থানীয়রা প্রথম নিখোঁজ হওয়া হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর তাদের কাছেই প্রথম পাওয়া যায়।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) টিমগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। 

চলতি বছরের ২ মে হিমালয় পর্বত অঞ্চলের কেদারনাথ মন্দিরের প্রবেশপথ খুলে দেওয়ার পর থেকে ছয় সপ্তাহে এই নিয়ে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। সর্বশেষ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ৭ তারিখে। ওই দিন কেদারনাথের পথে রওনা হওয়া একটি হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যার কারণে উত্তরাখণ্ডের এক মহাসড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। 

হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে মহাসড়কের ভবনগুলোর কাছে চলে গিয়েছিল। এ সময় হেলিকপ্টারটির লেজের দিকের পাখাটি খুলে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়ে। হেলিকপ্টারটিতে থাকা পাঁচ তীর্থযাত্রী নিরাপদে বের হতে পারলেও পাইলট আহত হন।