১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সামরিক মহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন রাশিয়ার

রাশিয়া জানিয়েছে, ‘জাপাড’ বা ‘পশ্চিম’ নামের এ মহড়ায় তাদের সুখোই এসইউ-৩৪ সুপারসনিক যুদ্ধ-বোমারু বিমানগুলোও লক্ষ্যস্থলে আঘাত হেনেছে।

সামরিক মহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন রাশিয়ার
রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অ্যাডমিরাল গোলোভকো ফ্রিগেট থেকে ব্যারেন্ট সাগরের একটি লক্ষ্যস্থলের উদ্দেশ্যে জাইরকন ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চলাকালে ব্যারেন্ট সাগরের এক লক্ষ্যস্থলে একটি জাইরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে রাশিয়া জানিয়েছে। 

রোববার দেশটি জানায়, এ মহড়ায় তাদের সুখোই এসইউ-৩৪ সুপারসনিক যুদ্ধ-বোমারু বিমানগুলোও লক্ষ্যস্থলে আঘাত হেনেছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় অথবা প্রতিবেশী বেলারুশে কোনো হামলার ক্ষেত্রে কমান্ড ও সমন্বয় উন্নয়েনের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে বেলারুশের সঙ্গে ‘জাপাড’ বা ‘পশ্চিম’ নামের যৌথ কৌশলগত অনুশীলন করেছে রাশিয়া। 

মস্কো ও মিনস্ক জানিয়েছে, এইসব অনুশীলন পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং কোনো নেটো সদস্যের ওপর হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের নেই। 

কিন্তু ৯ ও ১০ সেপ্টেম্বর আরেক প্রতিবেশী দেশ নেটো সদস্য পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটটি ‘ইস্টার্ন সেন্ট্রি’ নামের সামরিক মহড়ার ঘোষণা দেয়।  

রয়টার্স জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই জাইরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অ্যাডমিরাল গোলোভকো ফ্রিগেট থেকে ব্যারেন্ট সাগরের একটি লক্ষ্যস্থলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। 

ভিডিওতে দেখা যায়, ফ্রিগেটটি থেকে খাড়া উপরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর সেটি দিগন্তের দিকে একটি কোণ রচনা উপরের দিকে ছুটে যাচ্ছে। 

মন্ত্রণালয়টি বলেছে, “প্রকৃত সময়ে প্রাপ্ত বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের তথ্য অনুসারে লক্ষ্যবস্তুটি সরাসরি আঘাতে ধ্বংস হয়।”     

মন্ত্রণালয়টি জানায়, উত্তরাঞ্চলীয় নৌবহরের মিশ্র অ্যাভিয়েশন কোরের ডুবোজাহাজ বিধ্বংসী দীর্ঘপাল্লার আকাশযানও এই মহড়ায় অংশ নিয়েছে। আর এসইউ-৩৪ এর ক্রুরা স্থলের লক্ষ্যস্থলগুলোতে বোমা দিয়ে আঘাত হানার অনুশীলন করেছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৯ সালে জানিয়েছিলেন, তাদের জাইরকন ক্ষেপণাস্ত্রগুলো শব্দের নয়গুণ গতিতে ছুটতে পারে এবং অন্তত ১০০০ কিলোমিটারের মধ্যে সাগর অথবা স্থলের যে কোনো লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে।  

রাশিয়ার গণমাধ্যম সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ায় থ্রিএমটুটু জাইরকন হিসেবে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ থেকে ১০০০ কিলোমিটার এবং ৩০০ থেকে ৪০০ কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে।