১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউরোপের চার সংগঠনকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

এসব সংগঠন 'হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী' বলে অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যান্টিফা আন্দোলনকে নির্মূল করার পথে আরেকটি ধাপ।

ইউরোপের চার সংগঠনকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
মার্কো রুবিও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 12:31 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

জার্মানি, ইতালি ও গ্রিসের চার সংঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বামপন্থি ফ্যাসিবাদ-বিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনের সঙ্গে যোগ থাকায় সংগঠনগুলোকে ‘বিশেষভাবে চিহ্ণিত বৈশ্বিক সন্ত্রাসী’র তকমা দেওয়া হয়েছে।

এসব সংগঠন 'হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী' বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার নেওয়া যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যান্টিফা আন্দোলনকে নির্মূল করার পথে আরেকটি ধাপ।

নতুন ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তালিকাভুক্ত হওয়া ইউরোপের চার সংগঠন হল: জার্মানির অ্যান্টিফা অস্ট, ইতালির ইনফর্মাল অ্যানার্কিস্ট ফেডারেশন/ইন্টারন্যাশনাল রেভল্যুশনারি ফ্রন্ট (এফএআই/এফআরআই), গ্রিসের প্রোলেতারিয়ান জাস্টিস এবং রেভল্যুশনারি ক্লাস সেলফ-ডিফেন্স। এটিও গ্রিসের সংগঠন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি এই সংগঠনগুলোকে ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে চিহ্নিত করতে চান, যা আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অন্যান্য গোষ্ঠীগুলোকেও টার্গেট করবে বলেও সতর্ক করেছেন রুবিও।

তিনি বলেন, “এই আন্দোলনে জড়িত সংগঠনগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী বলে জাহির করে, যার মধ্যে রয়েছে আমেরিকা-বিরোধিতা, পুঁজিবাদ-বিরোধিতা এবং খ্রিস্টধর্ম-বিরোধিতা। এগুলোকে কাজে লাগিয়ে তারা দেশের ভেতরে এবং বাইরে সহিংস আক্রমণ উস্কে দেয় এবং একে ন্যায্যতা দেয়।”

রুবিও আরও বলেন, “যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষার জন্য হাতে থাকা সব উপায় অবলম্বন করবে এবং সন্ত্রাসীদের অর্থায়ন ও সম্পদ বাজেয়াপ্ত করবে।”

অ্যান্টিফা শব্দটি ‘অ্যান্টি-ফ্যাসিস্ট’ এর সংক্ষিপ্তরূপ। কোনও সুস্পষ্ট কাঠামো ও নেতা ছাড়াই চলা আন্দোলন এটি। মার্কিন কংগ্রেসের ২০২০ সালের প্রতিবেদনে উল্লেখ আছে, অ্যান্টিফার কোনও সুসংগঠিত কমান্ড বা নেতৃত্ব নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানির অ্যান্টিফা ওস্ট ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত জার্মানিতে ‘ফ্যাসিবাদী’ বা ‘ডানপন্থি’ হিসেবে চিহ্নিতদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বুদাপেস্টেও একাধিক হামলার জন্য অভিযুক্ত।

জার্মান গোয়েন্দা সংস্থা ২০২৪ সালের প্রতিবেদনে এই সংগঠনকে ‘সহিংস নেটওয়ার্ক’ হিসেবে চিহ্নিত করে। ডিসেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত এই গোষ্ঠীর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, তাদের সদস্যরা এখনও জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডি-কে হামলার নিশানা করে আসছে।

ওদিক, গ্রিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “সরকার সর্বদা সন্ত্রাসী কর্মকাণ্ড কমানোর চেষ্টা করে। আমরা কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংগঠনের বিরুদ্ধে।”

রেভল্যুশনারি ক্লাস সেল্ফ-ডিফেন্স গ্রুপ ২০২৩-সালের এপ্রিলে হেলেনিক ট্রেনের রেলওয়ে অপারেটরের কাছে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছিল। 

এ ঘটনায় সামান্য ক্ষতি হয়, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সংগঠনটি ২০২৪ সালে এথেন্সের শ্রম মন্ত্রণালয়ের ওপর হামলারও দায় স্বীকার করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আর্মড প্রোলেতারিয়ান জাস্টিস সংগঠনটিও ২০২৩ সালে গ্রিসের দাঙ্গা পুলিশ সদরদপ্তরের কাছে বোমা পাতার দায় স্বীকার করেছে।