১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

রাশিয়ার চালানো এই হামলা চলতি বছরে ইউক্রেইনের রাজধানী কিইভ ও এর আশপাশের অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক হামলা।

ইউক্রেইনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১
রাশিয়ার হামলায় আগুন ধরে যাওয়া একটি ভবনে আগুন নেভানোর কাজ করছে দমকলকর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 10:10 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

ইউক্রেইনের রাজধানী কিইভ ও এর আশপাশের অঞ্চলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে মানুষের জীবন বাঁচানো যেত।

রাতভর রাশিয়ার চালানো এই হামলা চলতি বছরে ওই এলাকার সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক হামলা। তাছাড়া, খারকিভ এবং দোনেৎস্কেও হামলায় যথাক্রমে ১ জন এবং ৩ জন নিহত হয়েছে।

ইউক্রেইন রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় মিত্রদেশগুলের কাছ থেকে নিয়মিত মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর চেয়ে আসছে। গতরাতের আকস্মিক হামলায় কোনও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর দেয়নি তারা।

সহযোগী দেশগুলোর কাছ থেকে অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম পেতে দেরি হওয়ায় “ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটছে” বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি পরে বলেন, মিত্রদেশগুলোর কাছ থেকে ইন্টারসেপ্টর (আকাশপথে আক্রমণ প্রতিরোধক ক্ষেপণাস্ত্র) সরবরাহ এ বছর “উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা কিইভ এবং এর আশেপাশের অঞ্চলে সামরিক সরবরাহ কেন্দ্র ও রসদ সরবরাহ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এই কেন্দ্রগুলো বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুত ও সরবরাহের পাশাপাশি চালকবিহীন আকাশযান (ড্রোন) তৈরি এবং বিতরণের জড়িত ছিল।

মন্ত্রণালয় আরও বলেছে যে, তারা ওডেসার কৃষ্ণসাগর বন্দরের কাছে তিনটি কার্গো জাহাজে আঘাত করেছে 'যেগুলো অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করছিল'।

ওদিকে, কিইভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন যে আবাসিক ভবন, একটি রেলওয়ে স্টেশন এবং গুদামগুলোতে রাশিয়ার হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেইনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, কিইভে হামলায় ১ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছে। এছাড়া, কিইভ ও এর আশেপাশের বৃহত্তর অঞ্চলে আরও ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে।

ইতোমধ্যে খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে ১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক- বলেছেন আঞ্চলিক প্রধান ওলেহ সিনিয়েহুবভ। দোনেৎস্কেও আরও ৩ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ভাদিম ফিলাস্কিন।

তিনি আরও বলেন, বুধবার কিইভে পাঁচটি স্থানে আগুন নেভানোর কাজ চলছিল, যা প্রায় ২,৩০,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেইনের বিমান বাহিনী টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে চালানো হামলার সময় রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি জাহাজ-বিধ্বংসী (অ্যান্টি-শিপ) ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

এতে আরও বলা হয়েছে যে, গত রাতের রাশিয়া ১১৫টি ড্রোন হামলার জন্য পাঠায় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর মধ্যে ৯৮টি ঠেকিয়ে দিয়েছে।