১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ

কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে ধারণা করেছেন, তিনি ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক নৌযানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরোধিতা করেছিলেন।

লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ
ফ্লোরিডার মায়ামিতে মার্কিন সাউদার্ন কমান্ডের সদরদপ্তরে অবসর গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী ভাষণ দিচ্ছেন অ্যাডমিরাল অ্যালভিন হোলসি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 07:08 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

লাতিন আমেরিকায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালভিন হোলসি অবসরে যাওয়ার নির্ধারিত সময়ের দুই বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে শুক্রবার অবসরে যান তিনি। ওই অঞ্চলে তার নেতৃত্বে থাকা মার্কিন বাহিনী ইতোমধ্যেই মাদক চোরাচালানকারীদের নৌকা সন্দেহে ২০টিরও বেশি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে আর তার পদত্যাগের দুই দিন আগে বুধবার ভেনেজুয়েলার জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করেছে। 

তিনজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যাডমিরাল হোলসিকে অবসরে যেতে বাধ্য করেন। দুই মার্কিন কর্মকর্তা জানান, হেগসেথ লাতিন আমেরিকা অঞ্চলে তার পরিকল্পনা ও মার্কিন সামরিক অভিযানে শক্তি প্রদর্শন করতে চাইছিলেন, কিন্তু ইউএস সাউদার্ন কমান্ডের তৎপরতা তাকে হতাশ করে তোলে।    

একজন কর্মকর্তা নিশ্চিত করে জানান, হোলসি আকস্মিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই হেগসেথ তাকে বরখাস্ত করবেন কি না, এই আলোচনা উঠেছিল। 

হোলসি ১৬ অক্টোবর ঘোষণা করেছিলেন, ডিসেম্বরেই তিনি পদত্যাগ করতে চান। তবে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেননি তিনি। 

শুক্রবার সকালে ফ্লোরিডার মায়ামিতে মার্কিন সাউদার্ন কমান্ডের সদরদপ্তরে তার অবসর গ্রহণ অনুষ্ঠানে করা মন্তব্যে হোলসি জানান, তিনি তার ৩৭ বছরের চাকরি জীবন নিয়ে ভাবতে গিয়ে উৎফুল্ল ছিলেন।

কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে ধারণা করেছেন, হোলসি ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক নৌযানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরোধিতা করেছিলেন। তবে মঙ্গলবার জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে হোলসি জোর দিয়ে বলেছেন, তার পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে তার কমান্ডের অভিযানের কোনো সম্পর্ক নেই।  

হোলসি তার সহকারী বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইভান পেটাসের কাছে আনুষ্ঠানিকভাবে কমান্ডের দায়িত্ব হস্তান্তর করেছেন। এরপর থেকে পেটাস মার্কিন সাউদার্ন কমান্ডের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্রের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোলসির স্থলাভিষিক্ত হিসেবে ইউএস স্পেশাল অপারেশনস কমান্ডের ভাইস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফ্র্যাঙ্ক ডোনোভানকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছেন। তবে এ মনোনয়ন এখনও চূড়ান্ত নয় এবং পরিবর্তিত হতে পারে।