Published : 19 Jan 2026, 03:34 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখতে প্রচেষ্টা বাড়ানোর ব্যাপারে বিস্তৃত সমঝোতায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।
তবে শেষ পর্যন্ত ট্রাম্পের শুল্ক বলবৎ হলে পাল্টা ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইইউ কূটনীতিকরা।
ট্রাম্প শনিবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ের পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আলোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড কেনা পর্যন্ত এ শুল্ক থাকবে বলেও তিনি জানান।
প্রভাবশালী ইইউ দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াশিংটনের এ পদক্ষেপের কী কী প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসার কথা রয়েছে ইইউ নেতাদের। তাদের প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৯ হাজার ৩০০ কোটি ইউরোর পণ্যে পাল্টা শুল্ক আরোপ, ছয় মাসের স্থগিতাদেশ শেষে যা আগামী ৬ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয়ভাবেই চালু হতে পারে।
অন্য যেসব বিকল্পের কথা ভাবা হচ্ছে, তার মধ্যে আছে কখনো কাজে না লাগানো ‘জোর-জবরদস্তিবিরোধী ব্যবস্থা’ বা ‘অ্যান্টি-কোয়েরশন ইন্সট্রুমেন্ট’ (এসিআই) সক্রিয় করা, যা সরকারি দরপত্র, বিনিয়োগ ও ব্যাংকিং কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সীমিত করবে কিংবা ডিজিটালসহ সব ধরনের সেবা খাতমূলক বাণিজ্যে বিধিনিষেধ আরোপ, যে খাতে ইইউর সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক লাভ থাকে।
তবে প্রাথমিকভাবে এসিআই-র তুলনায় পাল্টা শুল্ক আরোপেই বেশিরভাগ দেশের পক্ষপাত দেখা যাচ্ছে।
এসিআই-র ক্ষেত্রে ‘মিশ্র ভাবনা’ রয়েছে, বলেছে এক ইইউ সূত্র।
দাভোসে সংলাপ
ইইউ সম্মেলনগুলোতে সভাপতির দায়িত্ব পালন করা ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে সহায়তা দিতে দৃঢ় অঙ্গীকার এবং যে কোনো ধরনের জোরজবরদস্তি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে।
বুধবার এ সংক্রান্ত বিষয়ে মতবিরোধ নিয়ে কাজ করতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করেছে। সেদিকে ইঙ্গিত করে নরওয়ে সফররত ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লারস লোকি রাসমুসেন বলেছেন, ডেনমার্ক কূটনীতিতে বেশি মনোযোগ দিচ্ছে।
“যুক্তরাষ্ট্রে কেবল তার প্রেসিডেন্টই থাকেন না। আমি সম্প্রতি সেখানে গিয়েছিলাম। আমেরিকান সমাজে জবাবদিহিতা ও ভারসাম্য রক্ষার ব্যাপারও আছে,” বলেছেন তিনি।
গ্রিনল্যান্ড নিয়ে সংলাপেই যে ইইউ বেশি জোর দিচ্ছে, তার খানিকটা প্রমাণ মিলবে এবারের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামেও। সেখানে বুধবার ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে, ছয় বছরের মধ্যে এবারই প্রথম তিনি ওই সম্মেলনে হাজির হচ্ছেন।
“সব বিকল্প খোলা রয়েছে। দাভোসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর নেতারা আবার একত্রিত হবেন,” ইইউ পরিকল্পনার সারসংক্ষেপ জানিয়ে এমনটাই বললেন ইইউ-র এক কূটনীতিক।
যে ৮ দেশের পণ্যের ওপর ট্রাম্প ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক আরোপের কথা বলছেন, তারা আগে থেকেই ১০ থেকে ১৫ শতাংশ মার্কিন শুল্কের মধ্যে রয়েছে। ডেনমার্কের বিস্তৃত আর্কটিক দ্বীপটি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধের পর এই দেশগুলো গ্রিনল্যান্ডে সীমিত আকারে সেনাও পাঠিয়েছে।
“শুল্ক হুমকি আটলান্টিকের এপার-ওপারের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং বিপজ্জনক পতনের দিকে ধাবিত করার ঝুঁকি সৃষ্টি করবে,” রোববার এক যৌথ বিবৃতিতে বলেছে দেশগুলো।
সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সংলাপে বসতে তারা প্রস্তুত বলেও বিবৃতিতে বলা হয়েছে।
মহাদেশের বিভিন্ন অংশ থেকে ধারাবাহিকভাবে ‘পাশে থাকার’ বার্তায় ‘হৃদয় ছুঁয়ে যাচ্ছে’ বলে লিখিত এক বিবৃতিতে জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
“ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না,” বলেছেন তিনি।
ট্রাম্পের শুল্ক হুমকি এরই মধ্যে বিশ্ব বাজারকে নতুন করে অস্থির করে তুলেছে। ডলারের বিপরীতে ইউরো ও স্টার্লিংয়ের দর পড়েছে, সামনে মুদ্রাবাজারে অস্থিতিশীলতা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘ঝুঁকির মুখে’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফরাসী প্রেসিডেন্ট এসিআই চালু করার পক্ষে মত দিচ্ছেন। তবে আইরিশ প্রধানমন্ত্রী মাইকল মার্টিল বলেছেন, ইইউর পাল্টা পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে ব্যবস্থা আগে কখনো ব্যবহারই হয়নি তা চালু করা ‘খানিকটা অকালপক্কই’ হবে।
অন্য ইইউ নেতাদের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তুলনামূলক বেশি ভালো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার ওয়াশিংটনের শুল্ক হুমকি ‘ভুল পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন। নিজের ভাবনার কথা ট্রাম্পকে জানিয়েছেন বলেও তিনি জানান।
নতুন শুল্কের প্রতিক্রিয়ায় ব্রিটেন কী করবে, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী লিসা নন্দী বলেছেন, বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের কাজ করা জরুরি।
“আমাদের অবস্থান হচ্ছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো দরকষাকষি চলবে না। আমাদের সম্মিলিত স্বার্থ হল- একসঙ্গে কাজ করা এবং কথার লড়াই শুরু হতে না দেওয়া,” রোববার স্কাই নিউজকে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্পের এই নতুন শুল্ক হুমকি গত বছর মে ও জুলাইয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিগুলোকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
যুক্তরাষ্ট্র বিস্তৃত শুল্ক বহাল রাখছে, অন্যদিকে তাদের অংশীদারদের আমদানি শুল্ক প্রত্যাহার করতে হচ্ছে—এমন সামঞ্জস্যহীনতার কারণে সেসব চুক্তি আগে থেকেই ব্যাপক সমালোচনার মুখে ছিল।
ইউরোপিয়ান পার্লামেন্টের গতিপ্রকৃতি বলছে, তারা যুক্তরাষ্ট্র-ইইউ চুক্তি নিয়ে কাজ স্থগিত করার দিকেই এগুচ্ছে। ইইউতে আমদানি হওয়া অনেক পণ্যের শুল্ক প্রত্যাহার নিয়ে ২৬ ও ২৭ জানুয়ারি ওই পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু পার্লামেন্টের সবচেয়ে বড় দল, ইউরোপিয়ান পিপলস পার্টির প্রধান মানফ্রেড ভেবার শনিবার বলেছেন, এখনই ওই শুল্ক প্রত্যাহার অনুমোদিত হওয়ার সম্ভাবনা নেই।
জার্মান ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইয়ুর্গেন হার্ট খবরের কাগজ বিল্ডকে বলেছেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশে ফেরাতে’ সর্বশেষ আরেকটি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন তারা। সেটি হল- এবারের বিশ্বকাপ ফুটবল বয়কট করা। যুক্তরাষ্ট্রই চলতি বছর হতে যাওয়া এ বিশ্বকাপের মূল আয়োজক।