হোয়াইট হাউজের কাছে সশস্ত্র সন্দেহভাজনের সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলি
এ ঘটনার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের গাড়িবহর ওই এলাকা দিয়ে গিয়েছিল।
মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউজের কাছে তাদের কর্মকর্তারা একজন সশস্ত্র ও ‘সন্দেহভাজন ব্যক্তির’ মোকাবেলা করেছে যে পরে তাদের দিকে গুলি ছুড়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখন আইনপ্রয়োগকারীর গুলিতে আহত হয়।
এ ঘটনার কারণে হোয়াইট হাউজ কিছুক্ষণ লকডাউনে ছিল, জানিয়েছে রয়টার্স।
সিক্রেট সার্ভিসের এজেন্টরা হোয়াইট হাউজ কমপ্লেক্সের বাইরের অংশে টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে শনাক্ত করে যে একজন ‘সন্দেহজনক ব্যক্তি যার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে মনে হচ্ছিল’, বলেছেন সিক্রেট সার্ভিসের উপ-পরিচালক ম্যাথু কুইন।
এক সংবাদ সম্মেলনে কুইন বলেন, সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তার দিকে এগিয়ে গেলে সে কিছুক্ষণের জন্য দৌঁড়ে পালিয়ে যায় তারপর তাদের দিকে গুলি ছুড়ে। এরপর সিক্রেট সার্ভিস সন্দেহভাজনের দিকে পাল্টা গুলি ছুড়লে সে আহত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনার কিছুক্ষণ আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের গাড়িবহর ওই এলাকা দিয়ে গিয়েছিল।
কুইন আরও জানান, সন্দেহভাজনের ভ্যান্সের গাড়িবহরের কাছে পৌঁছানোর উদ্দেশ্য ছিল, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সন্দেহভাজনের মাধ্যমে এক তরুণ পথচারী আহত হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় আর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সিক্রেট সার্ভিসের এই উপ-পরিচালক জানিয়েছেন।
ঘটনার সময় সন্দেহভাজন হোয়াইট হাউজের সীমানার ভেতরে ছিলেন না। এ ঘটনা যখন ঘটে তখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজেই ছিলেন।
গত মাসের শেষ দিকে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির এক ডিনারের ভ্যেনুতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আইন প্রয়োগকারীরা সতর্ক অবস্থায় আছে।
