১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুল্কযুদ্ধের মধ্যে ‘নির্ভরযোগ্য মিত্রদের’ পাশে পেতে ইউরোপে কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথম বিদেশ সফরে ওয়াশিংটনকে বাদ দিয়ে ইউরোপের দুই দেশকে বেছে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যে এবার ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে কানাডা।

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার ফ্রান্স সফরে গেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যে ইউরোপে কানাডার অন্যতম পুরনো মিত্রদেশ ফ্রান্সের সমর্থন চাইতে পারেন কার্নি।

জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কার্নি। এরপর এটিই তার প্রথম বিদেশ সফর। ফ্রান্স সফরের পর তিনি যাবেন লন্ডন সফরে।

সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করার পর মঙ্গলবারই কানাডায় ফেরার কথা রয়েছে তার।

ওয়াশিংটনকে বাদ দিয়ে কানাডার প্রধানমন্ত্রীর দুই ইউরোপীয় দেশকে প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই কানাডার সঙ্গে শুল্কযুদ্ধ শুরু করেছেন। কানাডার বিভিন্ন পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন তিনি।

এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন দেখা দিয়েছে। ট্রাম্পের শুল্কনীতির ‘পাল্টা’জবাব দিয়েছে কানাডাও।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই উত্তেজনার প্রেক্ষাপটেই ইউরোপীয় মিত্র দেশগুলোকে পাশে পেতে চাইছে কানাডা।