Published : 25 Sep 2025, 01:09 AM
ফেন্টানাইলযুক্ত নকল বড়ি সরবরাহের অভিযোগে ভারতের দুই নাগরিক ও একটি অনলাইন ফার্মেসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, এই দুই ব্যক্তি ও ফার্মেসি যুক্তরাষ্ট্রে ‘লাখ লাখ’ নকল ওষুধ সরবরাহ করেছে, যেগুলোয় ফেন্টানাইল ও অবৈধ মাদকের উপকরণ ব্যবহার করা হয়েছে।
নিষেধাজ্ঞার মুখে পড়া দুই ভারতীয় নাগরিক হলেন—সাদিক আব্বাস হাবিব সৈয়দ ও খিজার মোহাম্মদ ইকবাল শেইখ।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাদিক ও খিজার এসব ওষুধ বৈধ বলে ছাড়কৃত মূল্যে বিক্রি করেছেন। ফেন্টানাইলের পাশাপাশি এসব ওষুধে মেথামফেটামিনের মতো অবৈধ মাদক ব্যবহার করা হয়েছে।
“এছাড়া এই দুই ব্যক্তি ‘ইনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম’ ব্যবহার করে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে এসেছেন এবং ভুক্তভোগীদের কাছে নিজেদের ওষুধের প্রচার চালিয়েছেন।”
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন কে. হার্লে বলেন, এই ফেন্টানাইলের কারণে বহু পরিবার তছনছ হয়ে গেছে।
“এই বিষ থেকে যারা লাভবান হন, আমরা তাদের জবাবদিহি করার পদক্ষেপ নিয়েছি।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে ফেন্টানাইলমুক্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন করতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে।”
ফেন্টানাইল এক ধরনের সিনথেটিক মাদক, যা যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী।
যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৫ বছরের ব্যক্তিদের সবচেয়ে বেশি মৃত্যু হয় এই মাদকের মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে।
অবৈধ মাদক সরবরাহকারী দেশ হিসেবে এর আগে ২৩টি দেশের বিরুদ্ধে অভিযোগ তোলেন ট্রাম্প। এ তালিকায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের নামও রয়েছে।