০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ার প্রেসিডেন্ট ‘বেপরোয়া’ পেত্রোর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ‘আদেশ না মানতে ও সহিংসতা উসকে দিতে মার্কিন সেনাদের প্রতি আহ্বান’ জানানোর কারণে পেত্রোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেছে তারা।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ‘বেপরোয়া’ পেত্রোর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলাকালে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে দাগ হ্যামারশোল্ড প্লাজায় ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে বক্তব্য রাখছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 09:42 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোর ভিসা বাতিল করতে যাচ্ছে।

শুক্রবার নিউ ইয়র্কে ‘আদেশ না মানতে ও সহিংসতা উসকে দিতে মার্কিন সেনাদের প্রতি আহ্বান’ জানানোর কারণে পেত্রোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছে।  

“তার এমন বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করবো,” শুক্রবার এক্সে দেওয়া পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটাই লিখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পোস্টে পেত্রোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এর চেয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে কলম্বিয়ার প্রেসিডেন্টকে শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরের বাইরে হাজারো মানুষের ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে যোগ দিতে দেখা গেছে। 

এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া আক্রমণাত্মক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বনেতাদের বলেছেন, গাজায় ইসরায়েলকে ‘কাজ শেষ করতে’ দিতে হবে। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে কয়েকটি পশ্চিমা দেশের স্বীকৃতির ‘অমর্যাদাকর সিদ্ধান্তের’ও কড়া সমালোচনা করেন। 

তার বক্তব্যের সময় অধিবেশনে থাকা বিপুল সংখ্যক প্রতিনিধি ‘ওয়াকআউট’ করে প্রতিবাদ জানায়।  

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, প্রতিবাদে প্রতিনিধিদের ওয়াকআউট