১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প ও মেলানিয়ার ঈদ শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রজুড়ে ৫ হাজারের বেশি ঈদ জামাতে নামাজ পড়বেন মুসলমানরা।

ট্রাম্প ও মেলানিয়ার ঈদ শুভেচ্ছা
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রায়টার্স

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 10:16 AM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঈদ উপলক্ষে মুসলিম আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

আমেরিকায় যারা ঈদ উদযাপন করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া বলেছেন, “ঈদুল ফিতর, যা রোজা ভাঙার উৎসব হিসেবেও পরিচিত, রমজান শেষে মুসলিম পরিবার, বন্ধু ও কমিউনিটিকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। 

“এটি একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতার সেই মৌলিক আমেরিকান নীতিরও স্মারক, যার জন্য আমার প্রশাসন প্রতিদিন কাজ করে যাচ্ছে।”

প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি বলেন, “যারা এই পবিত্র উৎসব উদযাপন করছেন, তাদের সবাইকে জানাই একটি বরকতময় ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।”

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার। সাড়ে ৩ হাজার মসজিদের ব্যবস্থাপনায় খোলামাঠ, হোটেলের বলরুম এবং মসজিদের ভেতরে ৫ হাজারের বেশি ঈদ জামাতের তথ্য জানিয়েছে মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা কাউন্সিল অন আমেরিকান রিলেশন্স।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্রো এলাকা, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, কানেটিকাট, অ্যারিজোনা, মিনেসোটা স্টেটে বাংলাদেশিদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও ঈদ জামাত হবে।