Published : 03 Sep 2026, 03:00 PM
তুরস্কের ইস্তাম্বুল প্রদেশের উপকূলের সাগরে একটি কার্গো জাহাজ আরেকটি জলযানের সঙ্গে সংঘর্ষের পর ডুবে গেছে। এরপর থেকে জাহাজাটির ১০ নাবিক নিখোঁজ রয়েছেন।
বুধবার মর্মর সাগরে তুরস্কের পতাকাবাহী ওই দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে একটি জাহাজে ১০ জন নাবিক ছিলেন। তাদের জাহাজটি ঘটনা ঘটার প্রায় ১১ মিনিটের মধ্যে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের কর্তৃপক্ষ ওই নিখোঁজ নাবিকদের খোঁজে বৃহস্পতিবারও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে, জানিয়েছে রয়টার্স।
তল্লাশি অভিযানে তুরস্কের কোস্টগার্ড, নৌবাহিনী, দুর্যোগ মোকাবেলা সংস্থা ও অন্যান্য জরুরি পরিষেবাগুলো অংশ নিচ্ছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই তল্লাশি ও উদ্ধার অভিযানে ১৮টি জলযান, পাঁচটি হেলিকপ্টার, দুটি ড্রোন, একটি বিমান এবং পানির তলে তল্লাশি চালানোর সরঞ্জাম আছে নৌবাহিনীর এমন একটি জাহাজ যুক্ত করা হয়েছে।
সংঘর্ষে জড়ালেও দ্বিতীয় জাহাজটি তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। সেটি এখন মর্মর সাগরের ইস্তাম্বুল প্রদেশের সিলিভরি উপকূলে নোঙর করে আছে। এই ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।