১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডে স্কি রিজোর্টের পানশালায় বিস্ফোরণে ‘বেশ’ কয়েকজন নিহত

ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে পানশালাটিতে আগুন জ্বলছে। ঘটনার সময় সেখানে নতুন বছরের আগমণ উদযাপন করা হচ্ছিল।

সুইজারল্যান্ডে স্কি রিজোর্টের পানশালায় বিস্ফোরণে ‘বেশ’ কয়েকজন নিহত
‘লে কনস্টেলেইশন’ পানশালায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 02:53 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পবর্তমালা কেন্দ্রিক পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিজোর্টের বারে এক বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে ‘লে কনস্টেলেইশন’ পানশালায় বিস্ফোরণের ওই ঘটনাটি ঘটে।   

সুইস গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর পানশালাটিতে আগুন ধরে যায়। 

বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিন্তু যাচাই করা যায়নি এমন ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে পানশালাটিতে আগুন জ্বলছে। ঘটনার সময় সেখানে নতুন বছরের আগমণ উদযাপন করা হচ্ছিল।  

ক্রঁ-মঁতানা একটি বিলাসবহুল স্কি রিজোর্ট। এটি অবস্থান সুইস আল্পসের একেবারে কেন্দ্রে। দেশটির রাজধানী বার্ন থেকে সেখানে যেতে প্রায় দুই ঘণ্টার মতো সময় লাগে।  

সুইস গণমাধ্যম ব্লিক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময় পানশালাটিতে শতাধিক মানুষ ছিলেন।  

পুলিশ ‘বেশ কয়েকজন’ নিহত হয়েছে বলে জানালেও নির্দিষ্ট সংখ্যা জানায়নি। পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, দমকল কর্মী ও উদ্ধারকারী পরিষেবার কর্মীরা জড়ো হয়েছেন।  

ঘটনাস্থলটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ক্রঁ-মঁতানার উপরে একটি ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।  

ঠিক কতোজন নিহত হয়েছেন এবং তারা কোন দেশের নাগরিক, পুলিশ তা কিছুক্ষণের মধ্যেই জানাবে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে মঞ্চে আগুন ও ধোঁয়া তৈরির জন্য ব্যবহার করা পাইরোটেকনিক্স থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা প্রকাশ করা হয়েছে, তবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।