১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দামেস্কের গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

দামেস্কের গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০
দামেস্কের ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় রোববার প্রার্থনা চলাকালে আত্মঘাতী বোমা হামলা হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:38 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় এ ঘটনায় আরো ৫২ জন আহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এখন পর্যন্ত আইএস হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। 

সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ভেতরের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, গির্জার বেদী বিস্ফোরণে বিধ্বস্ত, বেঞ্চগুলো ভাঙা কাচে ঢেকে আছে, মেঝে রক্তাক্ত।

গির্জার বাইরে এক ব্যক্তি বলেন, “একজন লোক অস্ত্র হাতে ঢুকে গুলি ছুড়তে থাকে। তাকে থামানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়।”

পাশের একটি দোকানের কর্মী বলেন, “আমরা গির্জায় আগুন দেখতে পেলাম, কাঠের বেঞ্চের টুকরো ছিটকে এসে গির্জার দরজার কাছে পড়ল।”

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এ ঘটনার তদন্তও শুরু হয়েছে।

বিবিসি লিখেছে, গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

তবে গত কয়েক মাসে সিরিয়ায় দুটি বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ বয়ে গেছে।