Published : 01 Jan 2026, 10:06 AM
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত জোহরান মামদানির অভিষেক হতে যাচ্ছে নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহরে।
নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ৮০ লাখ বাসিন্দার শহরটির মেয়র হিসেবে ভাবগম্ভীর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। আর এ দিন স্থানীয় সময় বিকালে এ উপলক্ষ্যে উদযাপন অনুষ্ঠান হবে।
নিজেকে ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি (৩৪) বৃহস্পতিবার থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করার পরিকল্পনা নিয়েছেন।
শপথ নেওয়ার পর তিনি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। তার অভিষেক ঘিরে নিউ ইয়র্কের বাসিন্দাদের মধ্যে আশা ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
নিউ ইয়র্কের আইন অনুযায়ী মেয়রের চার বছরব্যাপী মেয়াদ নির্বাচনের পরবর্তী ১ জানুয়ারি থেকে শুরু হয়। এ দিন কে নগরীর দায়িত্বে আছেন তা নিয়ে অস্পষ্টতা কাটাতে মধ্যরাতে শপথ নেওয়া এখানে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।
নিজের শপথ অনুষ্ঠানের জন্য মামদানি নিউ ইয়র্কের বন্ধ হয়ে যাওয়া একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনকে বেছে নিয়েছেন। গত শতাব্দীর মাঝামাঝি এই ভুগর্ভস্থ স্টেশনটি বন্ধ হয়ে যায়। এটি এখন একটি পর্যটন স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মামদানির ট্রানজিশন টিমের ভাষ্য অনুযায়ী, এই সাবওয়ে স্টেশনটি নিউ ইয়র্ক নগরীকে প্রতিদিন সচল রাখা কর্মজীবী মানুষদের প্রতি তার ‘প্রতিশ্রুতির প্রতিফলন’ ঘটাবে।
নিউ ইয়র্ক রাজ্যের সাবেক আইনপ্রণেতা মামদানি বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ রাখার পাশাপাশি সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা ও চাইল্ডকেয়ারের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এসব কর্মসূচী যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টিকে নির্বাচনী বৈতরণী পার করার পথ দেখাতে পারে বলে অনেকে মনে করছেন।