Published : 05 May 2026, 11:29 PM
ভারতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লক্ষ্য এখন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন।
সোমবার বিজয় উদযাপনের মঞ্চ থেকে সেই নির্বাচন নিয়েই হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে সতর্ক করে তিনি বলেছেন, মমতা, রাহুলের মতো নেতাদের দিন শেষ। এবার অখিলেশের দিন শেষ হওয়ার পালা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম- দুই কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূলকে ধরাশায়ী করে জয় পেয়েছেন শুভেন্দু। এর
এরপরই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব ও রাহুল গান্ধীর শেষ। এবার লক্ষ্য অখিলেশ যাদব।” আগামী বছর উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশই হবেন বিজেপি’র প্রধান প্রতিদ্বন্দ্বী।
বিজেপি’র এই নেতা দাবি করেন, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার ‘রাজনৈতিক নির্বাসন’ শুরু হয়ে গেছে।
তিনি বলেন, ২০২১ সালে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর এবার ভবানীপুরেও মমতা ১৫ হাজারেরও বেশি ভোটে হেরেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০ রাউন্ড ভোট গণনার পর মমতাকে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন শুভেন্দু।
ওদিকে, নন্দীগ্রামের লড়াইয়ে এবার শুভেন্দু হারিয়েছেন তৃণমূলের পবিত্র কারকে।
তৃণমূল কংগ্রেসকে আম আদমি পার্টির (আপ) সঙ্গে তুলনা করে তিনি বলেন এই দল শেষ হয়ে যাবে। মমতার দল তৃণমূল দুর্নীতিগ্রস্ত, পরিবারতান্ত্রিক এবং কোনও আদর্শ নেই বলে তিনি উল্লেখ করেন।
শুভেন্দু আরও জানান, তৃণমূলের একাধিক সাংসদ ও কর্মী খুব শিগগিরই বিজেপি-তে যোগ দেবেন।
একসময়ে মমতার ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গে বিজেপি’র জয়ের পর পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনের সারিতে রয়েছেন।