১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জন্ম, কিন্তু নাগরিক নন: ‘রাষ্ট্রহীন’ রবীন্দ্রনের লড়াই

পুলিশ গ্রেপ্তার করে পাসপোর্ট ‘অবৈধ’ বলে জানানোর আগ পর্যন্ত জন্মগতভাবে নিজেকে একজন ভারতীয় বলেই ভেবে এসেছেন তামিলনাড়ুর বহিসন রবীন্দ্রন।

ভারতে জন্ম, কিন্তু নাগরিক নন: ‘রাষ্ট্রহীন’ রবীন্দ্রনের লড়াই
বহিসন রবীন্দ্রন। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 11:41 PM

Updated : 01 Sep 2026, 09:46 PM

সবসময়ই নিজেকে ভারতীয় ভেবেছেন বাহিসন রবীন্দ্রন।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে শ্রীলংকান শরণার্থী বাবা-মায়ের পরিবারে জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী এই ওয়েব ডেভেলপার পড়াশোনা করেছেন, চাকরি করেছেন সেখানেই। 

হাতে পেয়েছেন ভারতের সরকারি বিভিন্ন পরিচয়পত্র, এমনকি ভারতীয় পাসপোর্টও। কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক বড় ধরনের বিস্ময়। চলতি বছরের এপ্রিলে হঠাৎ করেই পুলিশ তাকে গ্রেপ্তার করে জানায়, তার পাসপোর্ট অবৈধ। 

কারণ, আইনের চোখে তিনি ‘জন্মসূত্রে ভারতীয় নাগরিক’ নন। ১৯৯০ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তার মা-বাবা ভারতে পালিয়ে গিয়েছিলেন। দুই জনই শ্রীলঙ্কান হওয়ায় জন্মসূত্রে রবীন্দ্রন ভারতীয় নাগরিক নন বলে জানায় কর্তৃপক্ষ।

একসময় ভারতের আইনে দেশটিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়া যেত। কিন্তু ১৯৮৭ সালে আইনের একটি সংশোধনী অনুযায়ী, সে বছরের ১ জুলাইয়ের পর জন্ম নেওয়া কোনও শিশুর বাবা ও মায়ের অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে সেই শিশু নাগরিকত্ব পায় না। 

রবীন্দ্রনের জন্ম ১৯৯১ সালে, বাবা-মায়ের ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর। গত সপ্তাহে চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে তিনি জানান, এ নিয়ম তিনি জানতেন না; তবে নিজের শ্রীলঙ্কান বংশপরিচয়ও কখনও গোপন করেননি।

তিনি আদালতকে আরও জানান, নিয়মটি জানার পরই তিনি ‘ন্যাচারালাইজেশন’ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কিন্তু ততদিনে তিনি হয়ে গেছেন ‘রাষ্ট্রহীন’।

তার এই অনিশ্চয়তা নতুন করে সামনে এনেছে তামিল শরণার্থীদের দীর্ঘদিনের দুরবস্থা। ১৯৮০’র দশকে গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসা এমন ৯০ হাজারের বেশি শরণার্থী এখনও তামিলনাড়ুতে বসবাস করছে; শিবিরে আর বাইরে মিলিয়ে।

তাদের সন্তানদের মধ্যে রবীন্দ্রনের মতো ২২ হাজারের বেশি মানুষের জন্ম হয়েছে ১৯৮৭ সালের পর শ্রীলংকান তামিল বাবা-মায়ের পরিবারে। কিন্তু দশকের পর দশক পেরিয়েও তাদের নাগরিকত্বের প্রশ্ন ঝুলে আছে।

ভারত ১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশন বা ১৯৬৭ সালের প্রোটোকলে সই করেনি এবং শ্রীলঙ্কান শরণার্থীদেরকে তারা অবৈধ অভিবাসী হিসেবেই গণ্য করে। 

ওদিকে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে নির্যাতিত অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্বের পথ সহজ করলেও শ্রীলঙ্কান তামিলদের বাইরে রেখেছে।

তামিলনাড়ুর রাজনীতিতে শ্রীলঙ্কার তামিলদের নাগরিকত্বের বিষয়টি ভাবাবেগের বিষয়। নানা রাজনৈতিক দল নাগরিকত্ব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বেশিরভাগের জন্য তা থেকে গেছে ‘অধরা স্বপ্ন’ হয়ে।

ভারত প্রথমবার কোনও শ্রীলঙ্কান তামিলকে নাগরিকত্ব দেয় ২০২২ সালে—কেএ নলিনী নামে এক নারীকে, যিনি ১৯৮৭ সালের আইন কার্যকর হওয়ার এক বছর আগে জন্মেছিলেন। এরপর থেকে আরও অন্তত ১৩ জন তামিলকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

রবীন্দ্রন চান তার নাগরিকত্বের আবেদনও দ্রুত গ্রহণ করা হোক। তার দাবি, তিনি সবসময়ই ভারতের প্রতি আনুগত্য দেখিয়েছেন, শ্রীলঙ্কায় ফেরার কোনও ইচ্ছা তার নেই।

বিবিসি-কে রবীন্দ্রন জানান, তিনি কেবল একবার শ্রীলঙ্কায় গিয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে, বিয়ের জন্য। তার বিয়ে হয় এক শ্রীলঙ্কান নারীর সঙ্গে। এরপর স্ত্রীকে পাসপোর্টে অন্তর্ভুক্ত করতে গিয়ে নতুন করে আবেদন করার পরই রবীন্দ্রনের ঝামেলা শুরু হয়।

তার আইনজীবী সন্দেশ সরাভানন বিবিসি-কে জানান, পুলিশ যাচাই করেই তাকে নতুন পাসপোর্ট দিয়েছিল; তারা তার শ্রীলঙ্কান বংশপরিচয় জানত। কিন্তু পরে ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) রবীন্দ্রনের বাবা-মায়ের শ্রীলঙ্কান পরিচয় চিহ্নিত করে পুলিশকে বিষয়টি জানায়।

এরপর গত মাসে প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট রাখার অভিযোগে রবীন্দ্রনকে গ্রেপ্তার করা হয়। টানা ১৫ দিন পুলিশ হাজতে থাকার পর জামিনে মুক্ত হন তিনি।

ভবিষ্যতে আবারও শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন আশঙ্কায় রবীন্দ্রন গত সপ্তাহে মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হন। আদালত আগামী ৮ অক্টোবরের শুনানি পর্যন্ত কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে।

“এত বছর ধরে কেউ আমাকে বলেনি যে, আমি ভারতীয় নই। প্রথমবার যখন শুনলাম আমি রাষ্ট্রহীন, তখন মেনে নিতে পারিনি,” বিবিসি-কে বলেন রবীন্দ্রন।