১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলি বাহিনীকে লেবাননের আরও গভীরে অনুপ্রবেশের নির্দেশ নেতানিয়াহুর

ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও এ নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইসরায়েলি বাহিনীকে লেবাননের আরও গভীরে অনুপ্রবেশের নির্দেশ নেতানিয়াহুর
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 10:51 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলি সেনাদের দেশটির আরও ভেতরে অনুপ্রবেশের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ছয় সপ্তাহ আগে একটি যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও রোববার এ নির্দেশ দিয়েছেন তিনি। 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ২ মার্চ থেকে লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে তেহরানের মিত্র হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও রকেট ছোড়ে। ইসরায়েলও বিমান ও ড্রোন হামলার পাশাপাশি ব্যাপক স্থল হামলা শুরু করে। ইসরায়েলি হামলা ও এলাকা ছাড়ার আদেশের কারণে ১২ লাখেরও বেশি লেবাননি বাস্তুচ্যুত হয়।

১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতি শুরু হলেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে ইসরায়েল। এখন এই লড়াই তীব্র হয়ে ফের বিস্তৃত হওয়া শুরু হয়েছে। 

লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৩৭০ জন লেবাননি নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ২ মার্চের পর থেকে এ পর্যন্ত তাদের ২৪ জন সেনা ও চারজন বেসামরিক নিহত হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। 

রোবাবর ইসরায়েলি বাহিনী জানায়, তারা লেবাননের দক্ষিণাঞ্চলের ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ ও সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শৈলশিরা দখল করে নিয়েছে। এটি লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর একটি বড় ধরনের অগ্রগতি।

শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এর ফলে ওই অঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জনসাধারণের চলাফেরার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে দিতে বাধ্য হয়। এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলে হিজবুল্লাহর চালানো অন্যতম তীব্র হামলা।

রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমি লেবাননে স্থল অভিযান আরও সম্প্রসারণ করার জন্য (সামরিক বাহিনীকে) নির্দেশ দিয়েছি।”  

ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যেই লেবাননের লিটানি নদী পর্যন্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা আরও প্রায় ১০ কিলোমিটার ভেতরে জাহারানি নদী পর্যন্ত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। 

নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো ‘নিজেদের কব্জায় এনে সেখান’ ইসরায়েলি দখলদারিত্ব বিস্তৃত ও জোরদার করতে চান তিনি। 

লেবাননের বাড়তে থাকা সহিংসতার বিষয়টি উদ্ধৃত করে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স, এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  

আরও পড়ুন: 

লেবাননের বিউফোর্ট দুর্গের দখল নিয়েছে ইসরায়েলি সেনারা