১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলে চীনকে সমর্থন দেবে রাশিয়া: ল্যাভরভ

ল্যাভরভ বলেছেন, রাশিয়া তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে এবং যে কোনো আকারে দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করে।

তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলে চীনকে সমর্থন দেবে রাশিয়া: ল্যাভরভ
এর আগে ল্যাভরভ বলেছিলেন, পশ্চিম সচেতনভাবে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা উস্কে দিচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

তাইওয়ান সংঘাত উস্কে উঠলে জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনকে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ এমনটি জানান।

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক উল্লেখ করেছেন, “তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতে করণীয় গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে ২০০১ এর ১৬ জুলাই হওয়া সুপ্রতিবেশীসুলভতা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চুক্তিতে বর্ণিত আছে। এই চুক্তির মূল নীতিগুলোর একটি হল জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সহায়তা।”  

তাস জানিয়েছে, এর আগে রাশিয়া ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে রোসিয়স্কায়া গেজেতার জন্য লেখা নিবন্ধে ল্যাভরভ জোরালোভাবে বলেছিলেন যে পশ্চিম সচেতনভাবে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা উস্কে দিচ্ছে।        

রয়টার্স জানিয়েছে, তাসে প্রকাশিত মন্তব্যে ল্যাভরভ বলেছেন, রাশিয়া তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে এবং যে কোনো আকারে দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করে।    

একই সাক্ষাৎকারে ল্যাভরভ জাপানকে তাদের সামরিকীকরণের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে ‘সতর্কভাবে চিন্তা’ করার আহ্বান জানিয়েছেন বলে লিখেছে রয়টার্স।