Published : 24 Oct 2025, 10:14 PM
ভারতের পথে হেঁটে এবার পাকিস্তানের নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছে আফগানিস্তান। সেকারণে আফগানিস্তান থেকে পাকিস্তানে বয়ে যাওয়া কুনার নদীর উপর ‘যত দ্রুত সম্ভব’ বাঁধ তুলতে চায় তালেবান সরকার।
আফগানিস্তানের সর্বোচ্চ তালেবান নেতা মৌলবি হিবাতুল্লা আখুন্দজাদা এই বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন বলে এক্সে জানিয়েছেন ক্ষমতাসীন তালেবানের ভারপ্রাপ্ত পানিমন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুর।
পোস্টে মনসুর বলেন, “নিজের দেশের পানি নিজেদের মতো করে ব্যবহারের অধিকার আছে আফগানদের।” তিনি জানিয়েছেন, বিদেশি সংস্থা নয় বরং আফগানিস্তানেরই কোনও সংস্থা বাঁধ তৈরি করবে।
এ মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দুই দেশের মধ্যে ২ হাজার ৬শ’ কিলোমিটারের বেশি দীর্ঘ ডুরান্ড লাইন বিতর্কিত সীমান্ত জুড়ে সংঘাত রয়েছে।
সেইসঙ্গে পাকিস্তানের অভিযোগ, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা করছে।
সেকারণেই সম্প্রতি আফগানিস্তানে হামলা চালিয়েছিল পাকিস্তান। পাল্টা হামলা চালায় আফগানিস্তানও। শেষ পর্যন্ত কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আপাতত সংঘর্ষবিরতি হয়েছে দুই পক্ষে।
কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক যে এখনও তলানিতে, তারই প্রমাণ আফগানিস্তানের তালেবান সরকারের এই বাঁধ তৈরির পরিকল্পনা। ভারতীয় পত্রিকা এনডিটিভি বলছে, ভারতের ছকেই এই পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তান।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত।
১৯৬০ সালের সিন্ধু চুক্তি অনুযায়ী, ভারতের উপর দিয়ে বয়ে যাওয়া সিন্ধু অববাহিকার নদীগুলোর পানির বড় অংশ পাকিস্তানকে দিত ভারত। কিন্তু চুক্তি স্থগিতের ফলে সেই পানি প্রবাহ বন্ধ হয়।
এবার কুনার নদীতে আফগানিস্তান বাঁধ তৈরি করে পানি সরবরাহে বাধা দিলে তীব্র পানি সংকটে পড়তে পারে পাকিস্তান।
কুনার নদীর গুরুত্ব:
প্রায় ৫০০ কিলোমিটার লম্বা এই নদী। উৎপত্তি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল জেলায় হিন্দু কুশ পর্বতশ্রেণি থেকে।
এরপর নদীটি দক্ষিণে ঘুরে আফগানিস্তানে ঢুকেছে। সেখান থেকে এই নদী কুনার ও নানগারহর প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জালালাবাদ শহরে কাবুল নদীর সঙ্গে মিশে গেছে।
এরপর সেই প্রবাহে এসে জুড়েছে পেচ নামের আরও একটি নদী। তারপর মিলিত প্রবাহ পূর্ব দিকে ঘুরে পাকিস্তানে ঢুকেছে এবং কিছুদূর এগিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অ্যাটকের কাছে সিন্ধু নদীতে গিয়ে মিশেছে।
কুনার নদী পাকিস্তানে চিত্রল নদী নামেই পরিচিত। নদী বিশেষজ্ঞদের একাংশের মতে, কাবুল নদীতে পানির জোগান দেয় এই কুনার নদী।
পাকিস্তানের পানিসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস এই নদী প্রবাহ। কেবল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কৃষি, জলবিদ্যুৎ এবং সুপেয় পানির জন্যই নয়,পাঞ্জাব প্রদেশেও কৃষি এবং অন্যান্য কাজে এই নদীর পানি ব্যবহার হয়।
আফগানিস্তান কুনারে বা ওই নদীর আরও নীচের প্রবাহে অর্থাৎ, পাকিস্তানে ঢোকার সামান্য আগে বাঁধ তৈরি করে পানি সঞ্চয় করলে ভয়াবহ সমস্যায় পড়বে পাকিস্তান।
সিন্ধু পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তি আছে। কিন্তু আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এমন কোনও চুক্তি নেই। ফলে তালেবান প্রশাসন বাঁধ তৈরি করলেও আইনিভাবে তা মোকাবেলা করার উপায় নেই পাকিস্তানের।