Published : 18 Feb 2026, 04:50 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেইক তাহো অঞ্চলে তুষারধসের পর দুর্গম এলাকায় স্কি করতে যাওয়া ৯ জনের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ।
আটকে পড়া আরও ছয় জনকে উদ্ধার করা হয়েছে, জানিয়েছে নেভাদা কাউন্টি শেরিফের কার্যালয়।
আমেরিকার পশ্চিম উপকূলের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকি শহরের কাছে ক্যাসল পিক এলাকায় এ তুষারধসের খবর পাওয়া যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ওই এলাকার আবহাওয়া পরিস্থিতি বেশ খারাপ, সেখানে আরও তুষারধসের শঙ্কা রয়েছে।
কাছাকাছি দুটি স্কি রিসর্ট থেকে ‘খুবই দক্ষ স্কি দলকে উদ্ধারকাজে’ পাঠানো হয়েছে, বলেছেন শেরিফ।
যে ছয়জন জীবিত আছে বলে নিশ্চিত হওয়া গেছে তাদেরকে ‘পরিস্থিতি অনুযায়ী যেখানে থাকলে সবচেয়ে ভালো হবে সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশনা’ দেওয়া হয়েছে, বলেছেন তিনি।
স্থানীয় কর্মকর্তারা প্রথমদিকে ৪ গাইড ও ১২ স্কিয়ার, মোট ১৬ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছিলেন।
“তুষারধসের যে ৬ জীবিত স্কিয়ারের কথা আগেই জানিয়েছিলাম তাদেরকে আজ সন্ধ্যায় সফলতার সঙ্গে উদ্ধার করা হয়েছে,” মঙ্গলবার রাতে ফেইসবুকে এমনটাই লিখেছে শেরিফের কার্যালয়। ওই ছয়জনের মধ্যে দুইজনকে হাসাপাতালে পাঠানো হয়েছে।
কাছাকাছি বোরিয়াল মাউনটেইন স্কি রিসর্ট ও অ্যালডার ক্রিক অ্যাডভেঞ্চার সেন্টার থেকে বিশেষজ্ঞরাও তুষারধস যেখানে হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এর আগে দেওয়া এক বিবৃতিতে শেরিফের কার্যালয় উদ্ধার কার্যক্রমে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট ৪৬ কর্মী যুক্ত হয়েছেন বলে জানিয়েছিল।
সিয়েরা তুষারধস কেন্দ্র তাদের পূর্বাভাসে মঙ্গলবার দিন-রাতের পুরোটা সময় পাহাড়ি অঞ্চলগুলোতে ব্যাপক তুষারধসের আশঙ্কার কথা জানিয়েছল।
ঝুঁকির কারণে নিখোঁজদের উদ্ধারে অনেক সময় লাগতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যম কেসিআরএ-টিভিকে জানিয়েছেন শেরিফ কার্যালয়ের মুখপাত্র ক্যাপ্টেন রাসেল গ্রিন।
এমন বিপজ্জনক অবস্থাতেও অনেক স্কি ট্যুর কোম্পানি পর্যটকদের নিয়ে বের হয় মন্তব্য করে তিনি বলেন, “এটা মোটেও বুদ্ধিমানের কাজ বলে মনে করি না আমি, তবে এখনও আমি আজকের ঘটনার বিস্তারিত জানি না।”
অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্থানীয় জরুরি বিভাগের কর্মীদের সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সমন্বয় করছে বলে এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
যেখানে তুষারধস হয়েছে তার কাছে অবস্থিত বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট কর্তৃপক্ষ আগের ২৪ ঘণ্টায় ৭৬ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে জানিয়েছে।
প্রবল বাতাস ও দৃশ্যমানতা কম হওয়ায় মঙ্গলবার রিসর্ট বন্ধ রাখারও ঘোষণা দিয়েছিল তার।
তুষারঝড়ের কারণে এরই মধ্যে ইন্টারস্টেট ৮০ ও হাইওয়ে ৫০-সহ ওই এলাকার কাছাকাছি বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে।