Published : 30 Jun 2026, 03:10 PM
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দুর্যোগ সহায়তার আবেদন জানানোর প্রস্তুতি নিতে সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছেন।
রোববার কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, অঙ্গরাজ্যের কিছু অংশে ৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ৬০ জনেরও বেশি মানুষকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে শনিবার গভর্নর বেশিয়ার কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেন আর অন্ধকার হওয়ার পর স্থানীয়দের রাস্তায় বের না হওয়ার আহ্বান জানান। তিনি জানান, বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে এক চালকের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন কেনটাকিবাসীকে হারিয়েছি। আমি আর কোনো প্রাণহানি চাই না। সবাই নিরাপদে থাকুন।”
ম্যাডিসন কাউন্টির করোনার জিমি করনেলিওন জানিয়েছেন, সেখানে ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে একজন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আর অপর দুজন (পুরুষ ও নারী) প্লাবিত একটি বেসমেন্ট কক্ষে মারা গেছেন। তাদের সবার বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে।
এদিকে হার্ডিন কাউন্টিতে খালে পড়ে যাওয়া ফোর্ড মাসটাং গাড়িতে আটকে পড়া ২ জন অপ্রাপ্তবছস্কের মধ্যে একজন রোববার লুইভিলের নর্টন চিলড্রেনস হাসপাতালে মারা গেছে বলে জানিয়েছেন কেনটাকি স্টেট পুলিশের ট্রুপার ব্রায়ান ওয়াশার।
গাড়ির ৪৪ বছর বয়সী চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে হার্ডিন কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। ট্রুপার ওয়াশার বলেন, “এই দুর্ঘটনার পেছনে মদ্যপ অবস্থা এবং বৈরী আবহাওয়া, উভয়ই দায়ী ছিল।”
সপ্তাহান্তজুড়ে জরুরি উদ্ধারকর্মীরা পানিতে নিমজ্জিত যানবাহন ও ঘরবাড়ি থেকে মানুষজনকে উদ্ধার করেছেন। ম্যাডিসন কাউন্টিতে পাঁচটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, যেখানে আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছাতে উঁচু এক্সেলবিশিষ্ট বিশেষ যানবাহন ব্যবহার করা হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে ১৭টি শহর ও কাউন্টিতে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সাধারণত তীব্র বৃষ্টিপাতের কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যে আকস্মিক বন্যা তৈরি হতে পারে, যা রাস্তাঘাট ডুবিয়ে দেয় এবং নদী ও খালে বিপজ্জনক স্রোতের সৃষ্টি করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে তীব্র বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের অনেক অংশে বন্যা পরিস্থিতিকে আরও নিয়মিত এবং মারাত্মক করে তুলছে।
এর আগে গত বছর টেক্সাসের হিল কাউন্টিতে বন্যায় ১৩৯ জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একটি খিসামার ক্যাম্পের ২৫ জন কন্যাশিশু, ২ জন কিশোর কাউন্সিলর এবং ১ জন পরিচালক ছিলেন।