১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রমোদতরীতে হান্টাভাইরাসে ২ ভারতীয় আক্রান্ত

এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ডাচ প্রমোদতরীটির ৫ জন আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

প্রমোদতরীতে হান্টাভাইরাসে ২ ভারতীয় আক্রান্ত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 08:07 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

নেদারল্যান্ডসের বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্দিয়াস এর ক্রুদের মধ্যে দুই জন ভারতীয় নাগরিক হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

ভারতীয় পত্রিকা এনডিটিভি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ওই তরীর ৫ জন আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

ওশানওয়াইড এক্সপেডিশনস পরিচালিত এই প্রমোদতরী গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল। আগামী ১০ মে এটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।

হান্টাভাইরাসে মারা যাওয়ার তিনজনের মধ্যে ৬৯ বছর বয়সী এক ডাচ নারী রয়েছেন। এছাড়া, তার স্বামী (ডাচ নাগরিক) এবং এক জার্মান যাত্রীরও মৃত্যু হয়েছে।

প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গেছেন, তাদের খুঁজে বের করতে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশে ‘কন্টাক্ট ট্রেসিং’ বা নিবিড় অনুসন্ধান শুরু হয়েছে।

বর্তমানে জাহাজে থাকা সব যাত্রীকে নিজ নিজ কেবিনে থাকতে বলা হয়েছে। তাছাড়া যাদের শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তাদের তাৎক্ষণিকভাবে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র এক সংবাদ সম্মেলনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ বলেন, হান্টাভাইরাসে সংক্রমিত প্রমোদতরীর সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব ব্যক্তি সন্দেহজনক রোগীদের সংস্পর্শে আসছেন বা তাদের সেবা দিচ্ছেন, তাদের উচিত আরও বেশি সুরক্ষামূলক পোশাক-আশাক ও সরঞ্জাম ব্যবহার করা।

রোগটি গুরুতর হলেও ডব্লিউএইচও পরিস্থিতি মূল্যায়ন করে দেখেছে, সামগ্রিকভাবে বিশ্বে জনস্বাস্থ্যে এর ঝুঁকি এখনও কম।

হান্টাভাইরাসের সঙ্গে কোভিড-১৯ মহামারীর শুরুর সময়ের ফারাক নিয়ে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন বলেন, এখনকার পরিস্থিতি ছয় বছর আগেকার পরিস্থিতির মতো নয়।

"আমি পরিষ্কার করে বলতে চাই যে, এটি নতুন কোনও কোভিড মহামারির শুরু নয়। এটি এমন এক প্রাদুর্ভাব, যা কেবল একটি প্রমোদতরীতে দেখা গেছে।"