বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডনাল্ড ট্রাম্প’: সেই মহিষ এখন ব্রিটিশ মিডিয়ায়
গত এক বছর ধরে চার বছর বয়সী প্রাণীটির দেখাশোনা করা মৃধা বলেন, “ডনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু কোরবানির ঈদের মূল চেতনাই হচ্ছে ত্যাগ।”
বাংলাদেশের সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় সাড়া ফেলা নারায়ণগঞ্জের কোরবানির বাজারের সেই অ্যালবিনো মহিষ ‘ডনাল্ড ট্রাম্প’ এবার ব্রিটিশ সংবাদমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছে।
টেলিগ্রাফ তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে: “বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডনাল্ড ট্রাম্প’ দ্য অ্যালবিনো বুল।”
ধবধবে সাদা গায়ে গোলাপি আভা, আর মাথার সামনে লম্বা সোনালি চুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে মিল আবিষ্কার করে ৭০০ ওকজি ওজনের পশুটির নাম রাখা হয়েছে ‘ডনাল্ড ট্রাম্প’।
অদ্ভুত নাম আর ব্যতিক্রমী চেহারার কারণে এবারের কোরবানির বাজারের অন্যতম আলোচনার বিষয় ছিল এই মহিষ।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ কোরবানির জন্য প্রস্তুত করা মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নিয়েছেন ঢাকার একজন বাসিন্দা।
ওই ফার্মে গেলেই চোখে পড়ে মহিষটি দেখতে আশেপাশের মানুষের ভিড়। অন্য পশুগুলোর দিকে তেমন নজর না দিয়ে দর্শনার্থীরা ভিড় করছেন এই এক মহিষকে ঘিরেই।
কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছে গিয়ে স্পর্শ করে দেখার চেষ্টা করছেন। সেসব ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আগ্রহ যেন কয়েক গুণ বেড়ে চলছে।
খামারের স্বত্বাধিকারী জিয়া উদ্দিন মৃধা বলেন, “মাথার সামনের চুলের স্টাইল দেখে আমার ছোট ভাই মজা করে এর নাম দেয় ‘ডনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই নামটি ছড়িয়ে পড়ে। মানুষ কৌতূহলবশত দেখতে আসতে শুরু করে।”
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, “অনলাইনে দেখে আগ্রহ হয়েছিল। সামনে থেকে দেখে মনে হল, সত্যিই আলাদা কিছু। বিশেষ করে মাথার চুল আর চোখের কারণে নামটা একেবারে মানিয়ে গেছে।”
খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, “মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। পাশাপাশি নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে মহিষটিকে সুস্থ রাখা হয়।”
টেলিগ্রাফ লিখেছে, চলতি মাসের শেষভাগে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে যে প্রায় এক কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানি দেওয়া হবে, তার মধ্যে থাকবে এই মহিষটিও।
গত এক বছর ধরে চার বছর বয়সী প্রাণীটির দেখাশোনা করা মৃধা বলেন, “ডনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু কোরবানির ঈদের মূল চেতনাই হচ্ছে ত্যাগ।”
