Published : 29 Jan 2026, 05:48 PM
লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানে ক্যান্টারবেরির আর্চবিশপ পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ নিশ্চিত হল সেরাহ মুলালির, যিনি প্রথম নারী হিসেবে চার্চ অব ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।
বুধবার বৃহৎ ওই ক্যাথেড্রালকে ‘কনফার্মেশন অব ইলেকশন’ অনুষ্ঠানের জন্য আদালতে রূপান্তরিত করা হয়; এই সেই অনুষ্ঠান যেখানে চার্চের কার্যক্রমের ভেতরেই নির্বাচিত আর্চবিশপ তার আইনানুগ দায়িত্ব বুঝে নেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
১৬৫টি দেশে বসবাস করা অ্যাংলিকান সম্প্রদায়ের প্রায় সাড়ে ৮ কোটি অনুসারীর আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া মুলালি এদিন ক্যান্টারবেরির ১০৬তম আর্চবিশপ হিসেবে ব্রিটিশ রাজা চার্লস মনোনীত জ্যেষ্ঠ বিশপদের কাছে আনুগত্যের শপথও নেন। এই জ্যেষ্ঠ বিশপরাই এদিন রাজকীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ষোড়শ শতাব্দীতে রাজা অষ্টম হেনরি রোমান ক্যাথলিক চার্চ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে ব্রিটেনের রাজা বা রানিই চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ তত্ত্বাবধানকারীর দায়িত্ব পালন করে আসছেন।
“আমাদের এই ভাঙাচোরা বিশ্বে এখন বিভক্তি আর অনিশ্চয়তার সময় চলছে। আমার প্রার্থনা, আমরা একসঙ্গে রুটি ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করতে পারবো, এবং আমাদের মধ্যে কমন যা যা আছে তা আবিষ্কার করতে পারবো। আমি এই আতিথেয়তার দায়িত্বে নিজেকে উৎসর্গ করলাম,” কার্যালয়ের দেওয়া লিখিত বিবৃতিতে ৬৩ বছর বয়সী মুলালি এমনটাই বলেছেন।
বুধবারের অনুষ্ঠানে চার্চের যে বিস্তৃত পরিসর তার দেখা মিলেছে। অনুষ্ঠান বিশপ ও পাদ্রিদের পাশাপাশি স্থানীয় স্কুলশিশু ও ধর্মীয় সঙ্গীতের দলও অংশ নিয়েছে। চার্চ অব ইংল্যান্ড ও অ্যাংলিকান সম্প্রদায়ের প্রায় সব অংশের প্রতিনিধিত্বই এদিন দেখা গেছে।
আর্চবিশপ পদে শপথের শব্দ শতাব্দীর পর শতাব্দী ধরে বদলেছে, অষ্টাদশ শতকে এটি লাতিন থেকে ইংরেজিতে রূপান্তরিত হলেও মধ্যযুগীয় ক্যানন আইনের ভিত্তি অক্ষুণ্ন রাখা হয়েছে।
এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত ও ধর্মগ্রন্থ পাঠেও বৈচিত্র্য দেখা গেছে।
ইতিহাস গড়ল চার্চ অব ইংল্যান্ড, ক্যান্টারবেরি পেল প্রথম নারী আর্চবিশপ
একসময় ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তার দায়িত্ব পালন করা মুলালিকে গত বছরের অক্টোবরে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ পদে নিযুক্ত করা হয়। তিনি চার্চের সবচেয়ে ঊর্ধ্বতন বিশপ হিসেবে জাস্টিন ওয়েলবির স্থলাভিষিক্ত হচ্ছেন।
তার নিয়োগ অ্যাংলিকান সম্প্রদায়ের রক্ষণশীল অংশের ব্যাপক সমালোচনা কুড়ায়, এ রক্ষণশীলরা কোনো নারীকে শীর্ষ পদে দেখতে নারাজ, তারা এমনকি এলজিবিটিকিউ বিষয়েও দ্বিধাবিভক্ত।
মার্চে ক্যান্টারবেরির ক্যাথেড্রালে মুলালির অভিষেক হবে, তখনই তিনি আর্চবিশপ হিসেবে তার প্রথম ধর্মীয় ভাষণ দেবেন।