১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনের গাজায় বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

খান ইউনিস শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি সাঁজোয়া যানে বোমা স্থাপন করে দেয় এক ফিলিস্তিনি যোদ্ধা।

ফিলিস্তিনের গাজায় বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দুটি পুমা সাঁজোয়া যান। ছবি: উইকিপিডিয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 12:07 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে একটি ইসরায়েলি সাঁজোয়া যানে আগুন ধরে গেলে ভেতরে থাকা সেনারা নিহত হন। 

মঙ্গলবারের এ ঘটনায় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। 

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নিহত সেনাদের মধ্যে একজন কর্মকর্তা ও বাকি ছয়জন সৈন্য। নিহতদের সবার বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। 

তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর ৬০৫তম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নভুক্ত ছিলেন। 

আইডিএফের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই ব্যাটেলিয়নের সেনাদের বহনকারী পুমা সাঁজোয়া যানটি খান ইউনিস শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় এক ফিলিস্তিনি যোদ্ধা সেটিতে বোমা স্থাপন করে দেয়। 

বোমাটি বিস্ফোরিত হওয়ার পর সাঁজোয়া যানটিতে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এতে ভেতরে থাকা সব সেনার মৃত্যু হয়।  

ঘটনার পর পুড়ে যাওয়া সাঁজোয়া যানটি অন্য গাড়ির সাহায্যে টেনে গাজার বাইরে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। 

খান ইউনিসে এদিন পৃথক আরেক ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধাদের রকেটচালিত গ্রেনেড হামলায় ইসরায়েলি বাহিনীর একই ব্যাটেলিয়নের আরও দুই সেনা আহত হন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর।  

রয়টার্স গাজার চিকিৎসা কর্মী ও বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার ছিটমহলটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ও সেনাদের গুলিতে অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।