১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

রণাঙ্গনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে ‘ড্রোন গাই’ নামে পরিচিতি পান আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল।

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
ছবি: ইন্সটাগ্রাম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 06:29 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে একাধিক বিষয়ে সংঘাত ও বিরোধের জেরে দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনী সচিব (আর্মি সেক্রেটারি) ড্যান ড্রিসকল।

বিবিসি’র মার্কিন সংবাদ অংশীদার সিবিএস ড্রিসকলের এই পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

রণাঙ্গনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহের কারণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে তিনি ‘ড্রোন গাই’ নামে পরিচিতি পান।

৪১ বছর বয়সী ড্রিসকল ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেনাবাহিনী সচিব। রণাঙ্গনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহের কারণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে তিনি "ড্রোন গাই" নামে পরিচিতি পান।

হোয়াইট হাউজ সিবিএস-কে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ড্রিসকল ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং এগেইন’ এজেন্ডা বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছিলেন এবং সামরিক অভিযানের সময়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউজ, পেন্টাগন ও মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের শীর্ষ পদে পরপর বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের ধারাবাহিকতায় ড্রিসকলের সরে দাঁড়ানোর ঘটনাটি ঘটল। এর আগে গত এপ্রিলে হঠাৎ পদত্যাগ করেছিলেন নৌবাহিনী সচিব জন ফেলান। 

এছাড়া, সম্প্রতি সেনাপ্রধান র্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনি এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পেন্টাগন ছেড়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে পিট হেগসেথ এক ডজনেরও বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর সহকারী প্রধানও রয়েছেন।

হেগসেথ ও ড্রিসকলের নেপথ্য মতবিরোধের সুনির্দিষ্ট কারণ পরিষ্কার না হলেও সিবিএস জানিয়েছে, ড্রিসকল সেনাপ্রধান র‌্যান্ডি জর্জের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাকে পদত্যাগ করতে বলেছিলেন হেগসেথ।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সচিব হলেন মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক প্রধান, যিনি সক্রিয় বাহিনীর পাশাপাশি ন্যাশনাল গার্ড ও রিজার্ভ সেনাদের সার্বিক তত্ত্বাবধান করেন।

২০০৭ সালে মার্কিন সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া ড্রিসকল ২০০৯ সালে ইরাকে ক্যাভালরি প্লাটুনের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে; ইয়েল ল স্কুলে তারা একসঙ্গে পড়াশোনা করেছিলেন।

সেনাবাহিনী সচিব পদে থাকাকালীন ড্রিসকল গত বছর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনায় ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এই প্রক্রিয়ায় তিনি একাধিক বিদেশ সফর করেন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের ‘ন্যাশনাল গার্ড’ সেনা মোতায়েনের সিদ্ধান্তের পেছনেও তার সক্রিয় ভূমিকা ছিল। 

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ‘ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস’-এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।