২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নারীর বিরুদ্ধে নৃশংসতা বন্ধে অস্ট্রেলিয়ায় কঠোর আইনের দাবি

অস্ট্রেলিয়ায় এ বছর এখন পর্যন্ত প্রতি চার দিনে গড়ে একজন নারী খুন হয়েছেন। নারীদের প্রতি এই নৃশংসতাকে জাতীয় সংকট বলেছেন দেশটির প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

সম্প্রতি নারীদের বিরুদ্ধে ঘটা নানা নৃশংস ঘটনার প্রতিবাদ জানাতে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ মিছিল করেছে হাজারো মানুষ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা লিঙ্গ ভিত্তিক নৃশংসতাকে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার এবং এটি বন্ধ করতে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, নারীদের উপর নৃশংসতার বিষয়টি একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে।

অস্ট্রেলিয়ায় এ বছর এখন পর্যন্ত প্রতি চার দিনে গড়ে একজন নারী খুন হয়েছেন।

বিক্ষোভের আয়োজনকারী মার্টিনা ফেরারা বলেন, “আমরা চাই অন্যপ্রান্তের খবরগুলোও প্রকাশ পাক। জানতে চাই, কিভাবে নৃশংসতার শিকার নারীরা বেঁচে ফিরেছেন। তারা যেন তাদের নিজেদের গল্প সবাইকে জানাতে পারেন,  নিজেদের ক্ষত সারিয়ে তোলার যাত্রা সম্পর্কে সবাইকে বলতে পারেন।

“এবং আমরা চাই সরকার এটা স্বীকার করে নিক যে এটা জরুরি অবস্থা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।”

বিবিসি জানায়, শনিবার রাজধানী ক্যানবেরাতে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী আলবানিজ স্বীকার করে নেন, তার সরকারের সব পর্যায়ে আরও উন্নতি করতে হবে।

“আমাদের সংস্কৃতি, আচরণ, আইনি ব্যবস্থা এবং সমস্ত সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

“আমাদের নিশ্চিত করতে হবে যে এটা নারীদের উপর নির্ভর করে না। বরং এটা পুরুষদের উপর নির্ভর করে এবং পুরুষদেরও আচরণ পরিবর্তন করতে হবে।"

বিক্ষোভকারীরা নারীদের বিরুদ্ধে হওয়া নৃশংসতাকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার কথা দাবি করেছেন।

অস্ট্রেলিয়ায় সাধারণত বন্যা বা দাবানলের সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যাতে পরিস্থিনি নিয়ন্ত্রণে ব্যয় মেটাতে অস্থায়ীভাবে নগদ অর্থ ছাড় বাড়ানো যায়।

এ বিষয়ে আলবানিজ বলেন, “এক মাস বা দুই মাসে আমাদের কাজ হবে না-আমাদের এই সংকটকে খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং তার সমাধান করতে হবে। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করে যেতে হবে।”